একযোগে বোমা হামলা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলার ঘটনায় করা মামলার আসামি জেএমবির এক সদস্যকে গতকাল বুধবার গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহে অবস্থিত র‍্যাব-১৪-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) দাবি, জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য মেহেদী হাবিব মো. রফিককে গতকাল রাতে গাজীপুরের বোর্ড বাজার এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ সংবাদ সম্মেলনে তাঁকে হাজির করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের অন্যান্য এলাকার সঙ্গে ময়মনসিংহ জজ কোর্ট প্রাঙ্গণ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও বোমা হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় করা পৃথক দুটি মামলার আসামি মেহেদী হাবিব মো. রফিক। দীর্ঘ ১০ বছর তিনি পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাত পৌনে ১২টার দিকে র‍্যাব-১৪ ও র‍্যাব-১-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি জামালপুরের ইকবালপুর গ্রামে। তিনি জেএমবির তৎকালীন নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই ও শায়খ আবদুর রহমানের সহযোগী ছিলেন।

সংবাদে সম্মেলনে র‍্যাব-১৪-এর অধিনায়ক এনামুল আরিফ বলেন, জঙ্গিরা এখনো বাংলাদেশে গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে র‍্যাব জঙ্গি দমনে তৎপর। জঙ্গিরা আর কখনো বাংলাদেশের মাটিতে মাথা তুলে দাঁড়াতে পারবে না।