একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি গ্রেপ্তার
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি নুরুল আমিন ওরফে মামুনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়। নুরুল আমিন ফেনী পৌরসভার বিরিঞ্চি গ্রামের অধিবাসী। তিনি এলাকায় একজন সক্রিয় যুবলীগ কর্মী হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকা একরামুল হক হত্যা মামলার পলাতক আসামি নুরুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ফেনী থানায় আরও দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
এর আগে গতকাল সন্ধ্যায় এ মামলার আরেক আসামি নিজাম উদ্দিন ওরফে আবুকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ১৫ জন এখনো পলাতক আছেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোর্শেদ নুরুল আমিনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
গত বছরের ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমী এলাকায় দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে চেয়ারম্যান একরামের গাড়ি গতিরোধ করে তাঁকে কুপিয়ে ও গুলি করে এবং গাড়িসহ তাঁকে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় তাঁর ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে প্রধান আসামি করে ৩০-৩৫ জনকে অজ্ঞাত হিসেবে উল্লেখ করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৬ জন আদালতে দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কোনো না কোনোভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।