একরাম হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যা মামলায় জসিম উদ্দিন ওরফে নয়ন (২৮) নামে অভিযোগপত্রভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার রাত আটটার দিকে ফেনী শহরের বিরিঞ্চি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্যমতে, আজ সন্ধ্যায় ফেনী শহরের বিরিঞ্চি এলাকায় অভিযান চালিয়ে একরামুল হক হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে চেয়ারম্যান একরাম হত্যা মামলা ছাড়াও সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ প্রথম আলোকে একরাম হত্যা মামলার পলাতক আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্য দিবালোকে চেয়ারম্যান একরামের গাড়ির গতিরোধ করে তাঁকে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। এ মামলায় পুলিশ ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযোগপত্রভুক্ত ৪৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে। আরও ১১ জন পলাতক রয়েছেন।