একরাম হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক হত্যা মামলার পলাতক আসামি মো. মানিক ওরফে তোতা মিয়াকে (২৮) অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একরাম হত্যাসহ ১৩টি মামলা রয়েছে।

আজ রোববার ভোরে শহরের বিরিঞ্চি আনিছ পুকুর এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) মানিককে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি, একটি পাইপগান ও সাতটি গুলি উদ্ধার করা হয়েছে। আজ তাঁর বিরুদ্ধে আরও একটি অস্ত্র মামলা দায়ের করে তাঁকে বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ নিয়ে চেয়ারম্যান একরাম হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ৩৪ জনকে গ্রেপ্তার করা হল। ২২ জন এখনো পলাতক।

মানিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, চেয়ারম্যান একরাম হত্যার ঘটনায় গত বছর ২৮ আগস্ট ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পুলিশ ইতিমধ্যে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ১৬ জন হত্যাকাণ্ডের ঘটনায় কোনো না কোনো ভাবে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ২২ জন এখনো পলাতক আছেন।

গত বছরের ২০ এপ্রিল ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হককে গাড়ির গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানার একটি হত্যা মামলা দায়ের করেন।