একরাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলায় মো. রুবেল ওরফে নুরুল আফছার (২৮) নামে অভিযোগপত্রভুক্ত একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার বিকেলে শহরের বিরিঞ্চি আনিস পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নুরুল আফছার ফেনী পৌরসভার বিরিঞ্চি আনিস পুকুরপাড় এলাকার বাসিন্দা। এ নিয়ে একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ৪৪ জনকে গ্রেপ্তার করা হলো। বাকি ১২ জন এখনো পলাতক।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম বলেন, মো. রুবেলকে ফেনী সদর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, একরাম হত্যার ঘটনায় ২০১৪ সালের ২৮ আগস্ট মোট ৫৬ জন আসামির বিরুদ্ধে বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ৪৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ১৬ জন হত্যাকাণ্ডের ঘটনায় কোনো না কোনোভাবে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ১২ জন পলাতক আছে।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্য দিবালোকে চেয়ারম্যান একরামুল হকের গাড়ির গতিরোধ করে সন্ত্রাসীরা কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় চেয়ারম্যান একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।