একসঙ্গে দুই প্রতিষ্ঠানে চাকরি করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে একই সঙ্গে একটি বিমা প্রতিষ্ঠানে নিয়মিত পদে চাকরি করার অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি মাদ্রাসায় পাঠদানে অবহেলা করছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীর অভিভাবকেরা।
ওই শিক্ষকের নাম তপন চন্দ্র রায়। তিনি ওই মাদ্রাসায় সহকারী শিক্ষক ও প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড নামের একটি বিমা প্রতিষ্ঠানে সহকারী প্রকল্প পরিচালক (উন্নয়ন) পদে কর্মরত আছেন। বিধিবহির্ভূতভাবে তিনি দুটি প্রতিষ্ঠান থেকেই নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ূন কবির বলেন, ‘বিধি অনুসারে এমপিওভুক্ত কোনো শিক্ষক অন্য প্রতিষ্ঠানে নিয়মিত কর্মী হিসেবে কাজ করে সেখান থেকে আর্থিক সুবিধা নিতে পারেন না। তপন চন্দ্র রায়ের বিষয়টি আমাদের জানা নেই। এটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
গতকাল রোববার বেলা পৌনে একটার দিকে তপন চন্দ্র বায় বলেন, ‘আমি ওই বিমা প্রতিষ্ঠানে কাজ করি, তবে মাদ্রাসার কাজে ক্ষতি হচ্ছে না। ছুটির দিনে বিমা প্রতিষ্ঠানে কাজ করি। যখন কাজ করতে পারি বিমা প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা নিই। কাজ না করলে নিই না। আজ ছুটি নিয়ে ঢাকায় যাচ্ছি।’
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাহবুবুর রহমান বলেন, ‘তপন চন্দ্র রায় মাদ্রাসার সমাজবিজ্ঞান বিষয়ের এমপিওভুক্ত শিক্ষক। এখান থেকে তিনি নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন। অন্য প্রতিষ্ঠানে চাকরি করার জন্য তিনি এখান থেকে অনুমতি নেননি। গতকাল তিনি ছুটির দরখাস্ত অফিসে রেখে গেছেন বলে শুনেছি।’
মাদ্রাসার সাত-আটজন শিক্ষার্থীর অভিভাবক বলেন, বিমা প্রতিষ্ঠানে কাজ করার জন্য তিনি মাদ্রাসায় পাঠদানে অবহেলা করছেন। এতে পড়ালেখার ক্ষতি হচ্ছে। মাদ্রাসার সুপারকে ম্যানেজ করেই তিনি এ কাজ করছেন।
গত ২৭ মে প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, ঢাকার মুখ্য নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ ভূঁইয়ার সই করা চিঠি থেকে জানা যায়, তপন চন্দ্র রায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ১ এপ্রিল তাঁকে নিয়োগ দেওয়া হয়। তাঁর কর্মস্থল হিসেবে পটুয়াখালী, বরিশাল ও দুমকি এলাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। গলাচিপা পৌরসভার পানির ট্যাংক সড়কে তাঁর একটি কার্যালয় রয়েছে। এ পদে কাজ করার জন্য তাঁকে মাসে ১০ হাজার টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে। প্রতিষ্ঠানের কাজের জন্য তাঁর নামে একটি টয়োটা মডেলের গাড়িও বরাদ্দ দেওয়া হয়েছে।
গতকাল বিমা কোম্পানিটির উপব্যবস্থাপনা পরিচালক হামিদুর রহমান বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে সহকারী প্রকল্প পরিচালক (উন্নয়ন) পদটি স্থায়ী ও নিয়মিত।’