সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার এক ব্যক্তি দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করছেন। তাঁর নাম মোস্তাফিজুর রহমান। তিনি উপজেলার হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সিলেটের দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজে ইংরেজি বিষয়ের প্রভাষক। তবে বিদ্যালয়ে পাঠদান না করলেও তিনি নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন।
এ বিষয়ে মোস্তাফিজুর রহমান দাবি করেন, ‘আমি জন্ডিসে আক্রান্ত থাকায় এক সপ্তাহ ছুটিতে ছিলাম। পরে নিয়মিতই বিদ্যালয়ে ক্লাস করেছি।’ আপনি তো সিলেটের দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজে প্রভাষক পদে কর্মরত। কীভাবে দুটি প্রতিষ্ঠানে চাকরি করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ওই কলেজে অস্থায়ী ভিত্তিতে আছি। শিগগিরই কলেজের চাকরিটা ছেড়ে দেব।’
এ বিষয়ে দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.সামছুল ইসলাম বলেন, ‘মোস্তাফিজুর রহমান আমাদের কলেজে ইংরেজি বিষয়ের নিয়োগপ্রাপ্ত একজন প্রভাষক হিসেবে তিন বছর ধরে কর্মরত। তিনি নিয়মিত কর্মস্থলে আসেন। সহকারী শিক্ষক পদে তাঁর চাকরি করার বিষয়টি আমার জানা নেই।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমানের বাড়ি উপজেলার চকিয়াচাপুর গ্রামে। তিনি তিন বছর ধরে সিলেটের দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজে ইংরেজি বিষয়ে প্রভাষক পদে কর্মরত আছেন। চলতি বছরের ১৭ এপ্রিল তিনি উপজেলার নবঘোষিত হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগ দেন। কিন্তু বিদ্যালয়ে যোগদানের পর থেকেই তিনি কর্মস্থলে অনুপস্থিত।
হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জজ মিয়া বলেন, ‘মোস্তাফিজুর রহমান আমাদের বিদ্যালয়ে মাত্র এক দিনের জন্য এসেছিলেন। এখন শুনতে পাচ্ছি তিনি সিলেটের একটি কলেজেও চাকরি করেন। বিদ্যালয়ে না এসেও কীভাবে বেতন-ভাতা তুলছেন, তা আমি বুঝতে পারছি না। আমি তাঁর বেতন বিলে কোনো স্বাক্ষর করিনি। শিক্ষক না আসায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর কবীর বলেন, ‘মোস্তাফিজুর রহমান যোগদানের পর থেকেই বিদ্যালয়ে অনুপস্থিত। ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে ছুটি নিয়েছেন বলে জানিয়েছেন। তবে ছুটিসংক্রান্ত কোনো কাগজপত্র আমি পাইনি। বিষয়টি মৌখিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল করিম বলেন, ওই শিক্ষক অসুস্থ থাকায় ১৮ এপ্রিল থেকে সাত দিনের ছুটি নিয়েছিলেন। পরে তিনি আর কোনো ছুটি নেননি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, ‘বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থেকে মোস্তাফিজুর রহমানের বেতন-ভাতা তোলার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’