একসঙ্গে দুই শিশু নিখোঁজ, এক নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটীর ভবানীপুর-ফতেপুর মহল্লার দুই শিশু গত রোববার থেকে নিখোঁজ রয়েছে। তারা হলো মহল্লার মিলন রানার মেয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া খাতুন ও আবদুল মালেকের মেয়ে মেহজাবিন আক্তার।
এ ঘটনায় আবদুল মালেক বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। মামলায় পাশের মহল্লা ঘোষপাড়া-তেলীপাড়ার শম্ভুর মেয়ে গীতা রানীকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই খাইরুল ইসলাম জানান, সুমাইয়া ও মেহজাবিন একই বিদ্যালয়ে পড়ে। গত রোববার বেলা ১১টার দিকে বিদ্যালয় থেকে ফিরে খেলতে গিয়ে নিখোঁজ হয়। মামলায় আবদুল মালেক জানিয়েছেন, গীতার পেছন পেছন এলাকাবাসী শিশু দুটিকে যেতে দেখেছে। গ্রেপ্তারের পর গীতাকে কারাগারে পাঠানো হয়েছে।