একসঙ্গে পাওয়া গেল দুই ভাইবোনের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাহসিন ও নিহা
তাহসিন ও নিহা

নৌকা উল্টে যাওয়ার সময় শক্ত করে মায়ের হাত ধরে রেখেছিল পাঁচ বছরের নিহা। তার ভাই নয় বছরের তাহসিন বাঁচার জন্য দুই হাতে জড়িয়ে ধরেছিল চাচাকে। অন্ধকারে প্রচণ্ড হুড়োহুড়ি আর আর্তচিৎকারের মধ্যে মুহূর্তেই মা ও চাচার কাছ থেকে ছিটকে দুই ভাইবোন সাগরে পড়ে যায়। রোববার রাতের ওই দুর্ঘটনার পর মা ও চাচাকে উদ্ধার করা গেলেও তারা ছিল নিখোঁজ। গতকাল বুধবার সকালে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের অদূরে একসঙ্গে পাওয়া গেছে ভাইবোনের লাশ।

গতকাল দুপুর পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় ব্যক্তিরা। তাদের মধ্যে ১৫ জনের বাড়ি সন্দ্বীপে। নৌকাডুবির পর থেকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা যেন শোকে থমকে রয়েছে।

রোববার রাতে দুর্ঘটনার পর আশপাশের উপকূলে ভেসে ওঠে চারজনের মরদেহ। পরদিন সোমবার ভেসে ওঠে আরেকজনের মরদেহ। গত মঙ্গলবার নয়জনের মরদেহ খুঁজে পায় স্থানীয় লোকজন। সর্বশেষ গতকাল দুই শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর দুজন হলেন শিক্ষক আনোয়ার হোসেন ও একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী হারুন উর রশীদ। এর মধ্যে প্রকৌশলী হারুনের বাড়ি কিশোরগঞ্জে।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম জাকারিয়া প্রথম আলোকে বলেন, নিখোঁজ তালিকায় থাকা ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও তিনজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে শোনা যাচ্ছে। তাঁদের পরিচয় কেউ বলতে পারছে না। তাঁদের স্বজনেরাও কেউ আসেনি।

রোববার সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাট থেকে তিন শতাধিক যাত্রী একটি সি-ট্রাকে (জাহাজ) সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের অদূরে পৌঁছায়। সাগরতীরে গভীরতা কম থাকায় সি-ট্রাক সরাসরি ঘাটে ভিড়তে পারে না। ঘাটের দেড় শ গজ দূরে সাগরেই (সন্দ্বীপ চ্যানেল নামে পরিচিত) সি-ট্রাক থেকে যাত্রীদের নৌকায় নামিয়ে দেওয়া হয়। নৌকা ঘাটে নিয়ে যায় যাত্রীদের। অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা (নৌকাটির ধারণক্ষমতা ছিল ৩০ জন, তোলা হয় প্রায় ৫৫ জন) রওনা হওয়ার পরপরই উল্টে যায়।

দুর্ঘটনার তিন দিন পর গতকাল সকালে গুপ্তছড়া ঘাটের অদূরে ভেসে ওঠে কাতারপ্রবাসী মুসলিম উদ্দিনের দুই শিশুসন্তানের মরদেহ। দুজনকে উদ্ধারের সময় ঘটনাস্থলে থাকা মাসুমুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই-তিন হাত দূরত্বে একসঙ্গে ভেসে ছিল দুই ভাইবোন।

মুসলিম উদ্দিন কাতার থেকে গতকাল সকালে সন্দ্বীপে পৌঁছান। বাড়িতে গিয়ে অচেতন হয়ে পড়েন তিনি। দুই শিশুকে বিকেলে সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের মানদির বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে বারবার মূর্ছা যাচ্ছেন শিশু দুটির মা নুরনাহার বেগম। ছেলেমেয়ের মৃত্যুর খবর তাঁকে জানানো হয়নি। কেবল বলা হয়েছে, উদ্ধারের পর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুদের চাচা মো. হাসানকেও বিভীষিকার মতো তাড়া করছে দুঃসহ সেই স্মৃতি। তাঁরও চিকিৎসা চলছে। তাঁর সঙ্গেই হালিশহর থেকে শিশুরা দাদার বাড়ি সন্দ্বীপে যাচ্ছিল। বিয়ে করতে কিছুদিন আগে কাতার থেকে দেশে এসেছিলেন তিনি।

চট্টগ্রাম নগরের হালিশহরের মাস্টারমাইন্ড আইডিয়াল স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত মো. মাহমুদ তাহসিন। তার বোন মাছুমা আক্তার নিহা একই স্কুলের প্লে গ্রুপে পড়ত।

মাস্টারমাইন্ড আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষিকা দিলরুবা পারভীন প্রথম আলোকে বলেন, শনিবার দুই ভাইবোন স্কুলে এসেছিল। চাচার বিয়েতে যাওয়ার কথা বলে এক সপ্তাহের ছুটিও নিয়েছে তারা। শিশু দুটির সহপাঠীরাও খুব কান্না করছে। আগামী শনিবারও তাদের জন্য স্কুলে দোয়া মাহফিল করা হবে।

সন্দ্বীপের স্কুলে স্কুলে শোকের ছায়া

রোববার এই সি-ট্রাকে করে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৩১ জন শিক্ষক সন্দ্বীপে ফিরছিলেন। তাঁরা এক দিনের প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে যান। ফেরার সময় উল্টে যাওয়া নৌকায় উঠেছিলেন ছয়জন শিক্ষক। এর মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মরদেহ পাওয়া গেছে বাকি তিন শিক্ষকের। তাঁরা হলেন সেনেরহাট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ওসমান, পূর্ব রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ইউসুফ আলম ও পূর্ব মাইটভাঙা বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন।

পূর্ব রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, খুবই প্রাণবন্ত শিক্ষক ছিলেন ইউসুফ আলম। তাঁকে হারিয়ে ছাত্রছাত্রীরা কাঁদছে। অন্য শিক্ষকেরা মুষড়ে পড়েছেন। ইউসুফ অনাগত সন্তানের মুখ দেখে যেতে পারলেন না—এটা ভাবতেই কষ্ট হচ্ছে।

সন্দ্বীপ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, তিন শিক্ষকের মৃত্যুতে গতকাল সন্দ্বীপের ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে শোক পালন করেছেন শিক্ষক-ছাত্রেরা।

শোকের মাঝে ক্ষোভ

জীবিত উদ্ধার হওয়া যাত্রীরা উদ্ধার তৎপরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। নিহত ছোট্ট দুই শিশুর আরেক চাচা মো. জাবেদ সাংবাদিকদের বলেন, পানিতে পড়ার পর সি-ট্রাক থেকে একটি রশি বা বয়া কিছুই ফেলা হয়নি। যাত্রীরা ডুবতে থাকলেও তাদের বাঁচানোর জন্য সি-ট্রাক থেকে কোনো সাহায্য করা হয়নি। তিনিও সেদিন সি-ট্রাকে ছিলেন।

প্রাণে বেঁচে যাওয়া আরেক স্কুলশিক্ষক মোয়াহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সি-ট্রাক থেকে ২৫-৩০ জন নামার পর নৌকাটিতে ওঠার পর আর যাত্রী না তোলার জন্য আকুতি জানান। সারা রাত যাত্রী নামাব নাকি—এই কথা বলে তখন মাঝি উল্টো যাত্রীদের গালাগাল করতে থাকেন।

বেঁচে যাওয়া আরও দুজন যাত্রী প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পরই একটি স্পিডবোট দিয়ে কিছুসংখ্যক যাত্রী উদ্ধার করা হয়। এরপর স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। উদ্ধার সরঞ্জামের অভাবে কোস্টগার্ড বা অন্য কোনো সংস্থা তাৎক্ষণিকভাবে সাগরে তল্লাশি শুরু করতে পারেনি।