একসঙ্গে ১৬ হাজার গাছ হত্যার আয়োজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া-নাটোর মহাসড়কের ধারে লাগানো সামাজিক বনের গাছগুলো কেটে ফেলা হচ্ছে। ছবিটি গত সোমবার দুপুরে সড়কের শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকা থেকে তুলেছেন সোয়েল রানা
বগুড়া-নাটোর মহাসড়কের ধারে লাগানো সামাজিক বনের গাছগুলো কেটে ফেলা হচ্ছে। ছবিটি গত সোমবার দুপুরে সড়কের শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকা থেকে তুলেছেন সোয়েল রানা

বগুড়ায় সামাজিক বন বিভাগ একসঙ্গে ১৬ হাজার ৪০০ গাছ বিক্রি করে দিয়েছে। ৫৬ কিলোমিটার সড়কের পাশের এসব গাছ দরপত্রের মাধ্যমে বেচে দেওয়া হয়। ক্রেতারা কোনো কোনো সড়কে গাছ কাটাও শুরু করেছেন।
১৫ থেকে ২১ বছর বয়সী মেহগনি, রেইনট্রি, শিল কড়ই, মেনজিয়াম, আকাশমণি, শিশু, ইউক্যালিপটাস, পীতরাজ, মিনজিরিসহ বিভিন্ন প্রজাতির বিপুলসংখ্যক গাছ প্রতিটি আড়াই হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। একসঙ্গে এত গাছ কাটার আয়োজন করলেও নতুন করে গাছ লাগানোর তেমন উদ্যোগ নেই সামাজিক বন বিভাগের। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়াসহ এলাকার সৌন্দর্যহানির আশঙ্কা করছেন স্থানীয় পরিবেশবাদীরা।
সামাজিক বন বিভাগের বগুড়া বিভাগীয় কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া ও জয়পুরহাট জেলার সামাজিক বনায়নের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয় এখান থেকে। বিভাগীয় বন কর্মকর্তার এ কার্যালয় থেকে গত ডিসেম্বরে একসঙ্গে বগুড়ার ৫৬ কিলোমিটার সড়ক-মহাসড়কে লাগানো ১৬ হাজার ৪০০ বিভিন্ন প্রজাতির গাছ বিক্রির দরপত্র আহ্বান করা হয়। গাছের সিংহভাগই সামাজিক বনায়নের আওতায় ১৯৯২-৯৩ থেকে ২০০১-০২ অর্থবছরে লাগানো। এসব গাছ গত দেড় মাসে একাধিক দরপত্রের মাধ্যমে বিক্রি হয়।
সম্প্রতি বগুড়া-নাটোর সড়কের শাকপালা এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে বন বিভাগের বিক্রি করে দেওয়া মেহগনিসহ বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ কেটে নিচ্ছেন ক্রেতার লোকজন। শাকপালা বাজার এলাকার তিনজন বলেন, এসব গাছ ১৯৯২ সালে লাগানো হয়েছিল। স্থানীয় একজন কাঠ ব্যবসায়ী বলেন, ২১ বছর বয়সী এসব গাছের প্রতিটির বাজারমূল্য কমপক্ষে ২০ হাজার টাকা।
তবে বন বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া-নাটোর মহাসড়কের ছয় কিলোমিটার অংশে লাগানো সামাজিক বন বিভাগের ১ হাজার ২৯১টি গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। এর মধ্যে ৩৫টি মেহগনিসহ ৫৫টি গাছ ১ লাখ ৪১ হাজার টাকায় বিক্রি করা হয়। এতে বন বিভাগ গাছপ্রতি গড় দাম পেয়েছে ২ হাজার ৫৬৩ টাকা। এ ছাড়া ১৮টি মেহগনিসহ ৩২টি গাছ বিক্রি হয় ১ লাখ ৫৫ হাজার টাকায়। এ হিসাবে প্রতিটি গাছের গড় দাম পড়েছে ৪ হাজার ৮৪৩ টাকা। ১৪টি রেইনট্রিসহ ৩৬টি গাছ মোট ১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়। এসব গাছের গড় দাম পড়েছে ৪ হাজার ৪৪৪ টাকা।
একজন ঠিকাদার বলেন, বাজারমূল্যের চেয়ে অনেক কমে গাছ বিক্রি করায় বন বিভাগ বিপুল অঙ্কের রাজস্ব হারাবে এবং এটা সামাজিক বনায়নের গাছ হওয়ায় উপকারভোগীরাও গাছ বিক্রি বাবদ কাঙ্ক্ষিত আয় থেকে বঞ্চিত হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার সভাপতি সামির হোসেন বলেন, সড়ক-মহাসড়কে ছায়াঘেরা এতগুলো গাছ একসঙ্গে কেটে ফেললে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়বে এবং এলাকার সৌন্দর্যহানি ঘটবে। পথচারীরাও গরমের দিনে অতিষ্ঠ হয়ে উঠবে। এত গাছ কাটার আগে একই পরিমাণ গাছ অবশ্যই সৃজন করা দরকার ছিল।
পরিবেশ অধিদপ্তরের বগুড়ার বিভাগীয় কর্মকর্তা এ কে এম মাসুদুজ্জামান বলেন, এতগুলো গাছ একসঙ্গে কাটার ফলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়লেও এ ব্যাপারে অধিদপ্তরের কিছুই করণীয় নেই। কারণ, বন বিভাগের ওপর অধিদপ্তরের কোনো হাত নেই।
সামাজিক বন বিভাগের বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দরপত্রের মাধ্যমে এবার বগুড়ার ৫৬ কিলোমিটার সড়ক-মহাসড়কের গাছ বিক্রি করে দেওয়া হচ্ছে। এসব গাছ বিক্রির ১০ শতাংশ অর্থ দিয়ে কিছু নতুন বন সৃজন করা হবে। আর বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বোচ্চ দামেই গাছ বিক্রি করা হয়েছে।