একাংশের সংবাদ সম্মেলনে যুবলীগের হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে জেলা বিএনপির একাংশের বিরুদ্ধে অপরাংশের ডাকা সংবাদ সম্মেলনে যুবলীগের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকেরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংবাদ সম্মেলন ডেকেছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য এম সরোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের সংবাদ সম্মেলনে যুবলীগের সন্ত্রাসীদের দিয়ে হামলা করানো হয়েছে। জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে এ হামলা করিয়েছেন।’

দলীয় সূত্র জানায়, জেলা বিএনপিতে দুটি পক্ষ রয়েছে। এক পক্ষের নেতৃত্বে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। আরেক পক্ষে রয়েছেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল ইসলাম খানসহ দলের জেলা কমিটির একটি অংশ। সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের বিরুদ্ধে আওয়ামী লীগের আঁতাতসহ বিভিন্ন অভিযোগে গতকাল সংবাদ সম্মেলন ডাকে তাঁদের বিরোধী পক্ষ।

বেলা ১১টার দিকে শহরের পোস্ট অফিস সড়কে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ সহসভাপতি ও নাজিরপুর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান এবং সহসভাপতি ও পিরোজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী শেখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য এম সরোয়ার হোসেন। সংবাদ সম্মেলন শুরুর পরপরই লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এক দল সন্ত্রাসী। হামলার অভিযোগ প্রসঙ্গে কথা বলতে জেলা যুবলীগের সভাপতি আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা তাঁদের পাওয়া যায়নি। তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না।’