রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার শিক্ষকদের একটি পক্ষ সব কটি একাডেমিক ভবনে তালা লাগিয়ে দেয়। ভবন তালাবদ্ধ থাকায় শিক্ষকদের অন্য পক্ষ খোলা মাঠে পাঠদান (ক্লাস) করেছে।
সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদের শিক্ষকেরা পূর্বঘোষণা অনুযায়ী গতকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন। তাঁরা গতকাল সকাল ১০টার দিকে চারটি একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। পরে প্রশাসনিক ভবনের দক্ষিণ ফটকের সামনে বিক্ষোভ করেন। তাঁদের দাবি, উপাচার্য এ কে এম নূর-উন-নবীকে অপসারণ করে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে।
পরিষদের সদস্যসচিব বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পরিমল চন্দ্র বর্মণ বলেন, ‘বর্তমান উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
২৭ জন শিক্ষকের পদোন্নতির দাবিতে গত ২ নভেম্বর থেকে শিক্ষক সমিতি প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন শুরু করে। পরে সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদের ব্যানারে এই আন্দোলন অব্যাহত রাখা হয়।
এদিকে মুক্তিযুদ্ধের পক্ষে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা, আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত শিক্ষকদের সংগঠন ‘নীল’ দলের শিক্ষকেরা খোলা মাঠে ক্লাস নিয়েছেন। গতকাল দুপুর দুইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত লোকপ্রশাসন, বাংলা, ইতিহাস, হিসাববিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগের কয়েকজন শিক্ষক মাঠে ক্লাস নিয়েছেন। কয়েকজন শিক্ষক জানান, এসব ক্লাসে গড়ে ৫০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এদিকে লোকপ্রশাসন বিভাগের শিক্ষক জুবায়ের ইবনে তাহেরকে সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে হুমকি দেওয়ায় গতকাল ওই বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা মানববন্ধন করেছেন। একাডেমিক ভবন-৩-এর সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ওই বিভাগের শিক্ষক সাব্বির আহমেদ চৌধুরী, আসাদুজ্জামান মণ্ডল প্রমুখ। এ বিষয়ে জুবায়ের ইবনে তাহের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
শিক্ষা কার্যক্রম বন্ধ করে আন্দোলন করার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন নীল দলের সভাপতি আপেল মাহমুদ।
উপাচার্য মুঠোফোনে বলেন, ভর্তি কমিটিসহ বিভিন্ন পদ থেকে কয়েকজন শিক্ষক পদত্যাগ করায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সার্বিক পরিস্থিতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানানো হয়েছে।