মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের একাদশ শ্রেণির ভর্তিতে শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষা বোর্ডের নির্ধারিত ফির অতিরিক্ত মাথাপিছু ২০০ টাকা করে আদায় করা হচ্ছে।
কলেজ সূত্রে জানা যায়, মানিকগঞ্জের সরকারি কলেজে একাদশ শ্রেণিতে মোট আসনসংখ্যা ২ হাজার। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৪০০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮০০ ও মানবিক বিভাগে ৮০০টি আসন রয়েছে। শিক্ষার্থী ও ভর্তিসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিধিমালা অনুযায়ী মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা প্রথমে ভর্তি কমিটির কাছ থেকে ভর্তি ফরম সংগ্রহ করে। এরপর কলেজের নির্ধারিত ফি মোবাইল ব্যাংকিং শিওর ক্যাশের মাধ্যমে জমা দেয়। সবশেষে শিওর ক্যাশের আইডি নম্বর দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ কলেজের ক্যাশ কাউন্টারে জমা দিয়ে শ্রেণি রোল নম্বর সংগ্রহ করে।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদের জন্য ২ হাজার ৬১০ টাকা ও ছাত্রীদের জন্য ২ হাজার ৩৭০ টাকা; ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের ছাত্রদের জন্য ২ হাজার ৫১০ টাকা ও ছাত্রীদের জন্য ২ হাজার ২৭০ টাকা নির্ধারণ করে কলেজ কর্তৃপক্ষ।
তবে ভর্তি হতে গেলে আলাদাভাবে ক্যাশ কাউন্টারে ২০০ টাকা জমা দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হচ্ছে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, কলেজের দেয়ালে ভর্তি-ইচ্ছুক ছাত্রছাত্রীদের ক্যাশ কাউন্টারে ২০০ টাকা জমা দিয়ে রসিদ সংগ্রহের নির্দেশনা দেওয়া হলেও এতে অধ্যক্ষের কোনো সই নেই। কলেজের ইংরেজি বিভাগে ও লাইব্রেরিতে মানবিক বিভাগে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের এবং রসায়ন বিভাগের বারান্দায় বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের রসিদ দেওয়া হচ্ছে। তবে প্রত্যেক শিক্ষার্থীকে ২০০ টাকা দিয়ে এই রসিদ নিতে হচ্ছে।
মানবিক বিভাগে ভর্তি হতে আসা শিমু আক্তার বলে, ‘আগে ২০০ টাকা জমা দিয়ে রসিদ কেটে ফরম কিনেছি। পরে কলেজের নির্ধারিত টাকা শিওর ক্যাশের মাধ্যমে জমা দিয়েছি।’
বিজ্ঞান বিভাগে ভর্তি-ইচ্ছুক আসিফ ইকবাল বলে, ‘কী কারণে এই অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে—ভর্তির সঙ্গে যুক্ত এক স্যারকে জিজ্ঞেস করেছিলাম। কিন্তু তিনি আমাকে ধমক দিয়ে বলেন, এত কিছু তোমার জানতে হবে না। কলেজের নিয়মেই এই টাকা নেওয়া হচ্ছে।’
জানতে চাইলে ভর্তি কমিটির আহ্বায়ক কলেজের ইসলামী শিক্ষা বিভাগের শিক্ষক আবু তৈয়ব আহমাদুল্লাহ বলেন, ‘ভর্তির ফরম, পাঠ পরিকল্পনা (নির্দেশিকা) ও পরিচয়পত্রের জন্য এই ২০০ টাকা আদায় করা হচ্ছে। অধ্যক্ষের সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ১৮ থেকে ২২ জুন পর্যন্ত মেধাতালিকা থেকে ৯৮০ জন ভর্তি হয়েছে। ২৫ থেকে ২৭ জুনের মধ্যে অপেক্ষমাণ তালিকা থেকে বাকি শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
তবে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি মন্ত্রণালয়ের পরিপত্রে নেই বলে স্বীকার করলেও বাংলাদেশের সব কলেজেই এই অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে দাবি করেন অধ্যক্ষ মো. শাহজাহান। তিনি প্রথম আলোকে বলেন, ছাত্রছাত্রীদের ভর্তি নির্দেশিকা ও ফরম বাবদ এই টাকা আদায় করা হচ্ছে। এটা দোষের কিছু না।