সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকার শাহ খুররম ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ভর্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সেশন ও ভর্তি ফি বাবদ ১ হাজার টাকা নেওয়ার নিয়ম থাকলেও আদায় করা হয়েছে ৩ হাজার ৫৫০ টাকা। এর প্রতিবাদে এক অভিভাবক কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে কলেজটিতে একাদশ শ্রেণিতে মোট ৬১৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। চারজন শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুসংখ্যক গরিব ও মেধাবী শিক্ষার্থী ছাড়া প্রায় সব শিক্ষার্থীর কাছ থেকে কলেজ কর্তৃপক্ষ সেশন ও ভর্তি ফি বাবদ ৩ হাজার ৫৫০ টাকা আদায় করেছে। গত জুন মাসে কলেজটিতে ওই শ্রেণির ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। অথচ শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তির নীতিমালাসংক্রান্ত পরিপত্র অনুযায়ী, সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকল্যে মফস্বল/উপজেলা এলাকায় এক হাজার টাকা নেওয়ার কথা।
সদর উপজেলার সোনাতলা গ্রামের গাজী মো. আবদুর রহমান নামের এক ছাত্রের অভিভাবক জানান, তাঁর ছেলে সাইফুর রহমান একাদশ শ্রেণিতে ভর্তির সময় বেআইনিভাবে কলেজ কর্তৃপক্ষ অতিরিক্ত ২ হাজার ৫৫০ টাকা নিয়েছে। অতিরিক্ত টাকা ফেরত চেয়ে তিনি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে গত মাসে সিলেটের জজ আদালতে একটি মামলা করেছেন। বিচারক মামলাটি গ্রহণ করে আগামী ২৩ জানুয়ারি শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন।
এ প্রসঙ্গে কলেজ অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অন্যের দ্বারা প্ররোচিত হয়ে ওই অভিভাবক মামলাটি করেছেন। ওই এক অভিভাবক ছাড়া অন্য কোনো শিক্ষার্থীর ফি বিষয়ে কোনো অভিযোগ নেই।’ তিনি আরও বলেন, ‘আমাদের চেয়েও বেশি টাকা আশপাশের অন্যান্য কলেজ কর্তৃপক্ষ নিচ্ছে। মন্ত্রণালয়ের নীতিমালা মেনেই শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ফি নেওয়া হচ্ছে, বাকিটা নেওয়া হচ্ছে বিবিধ হিসেবে।’
তবে কয়েকজন শিক্ষার্থীর ভর্তি রসিদ থেকে দেখা যায়, বিবিধ হিসেবে নয়, পুরো টাকাটাই নেওয়া হয়েছে ভর্তি বাবদ।
এ বিষয়ে সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মোস্তফা কামাল বলেন, শিক্ষার্থীদের সেশন ও ভর্তি ফি বাবদ সরকার নির্ধারিত টাকার বাইরে কোনো অর্থ নেওয়ার সুযোগ নেই। কোনো কলেজ কর্তৃপক্ষ এটি করে থাকলে, তা হবে আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।