একাদশে ভর্তিতে বাড়তি টাকা আদায়ের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া জেলার কয়েকটি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কলেজ কর্তৃপক্ষ ভর্তি ফি আদায়ে শিক্ষা বোর্ডের নির্দেশনা না মেনে অতিরিক্ত এক হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত আদায় করছে।
একাদশ শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক কয়েকজন ছাত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল অ্যান্ড কলেজ এবং নাসিরনগর উপজেলার নাসিরনগর ডিগ্রি ও বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজে ভর্তির জন্য অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।
কিন্তু কুমিল্লা শিক্ষা বোর্ডের জারি করা ভর্তির প্রজ্ঞাপনের ৫ অনুচ্ছেদের ৫.৫-এ উল্লেখ আছে, সেশন চার্জসহ ভর্তি ফি মফস্বল/পৌর (উপজেলা) এলাকায় ১০০০ টাকার বেশি হবে না। পৌর (জেলা সদর) এলাকায় দুই হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্য মহানগর এলাকায় তিন হাজার টাকার বেশি ফি নিতে পারবে না। অতিরিক্ত ফি নিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া শহরের বিরসার এলাকায় অবস্থিত বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) প্রধান কার্যালয়ের বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজ। কলেজটিতে একাদশ শ্রেণির প্রতিটি বিভাগে ১৫০ জন করে শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়েছে কুমিল্লা বোর্ড। বিজিএফসিএলের কর্মকর্তা ও কর্মচারীদের ছেলেমেয়ে ছাড়াও বাইরের শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পায়। এ বছর এই কলেজের একাদশ শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় বাইরের প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১০ হাজার ৭০০ টাকা এবং কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের কাছ থেকে ৮ হাজার টাকা করে আদায় করা হচ্ছে। ভর্তি কার্যক্রম ১৮ জুন থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম ৩০ জুন পর্যন্ত চলবে।
এ বিষয়ে বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ ভাদুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ড কর্তৃক নির্ধারিত ফিই আদায় করছি।’ অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে তাঁর ভাষ্য হচ্ছে, ‘ভর্তির ফি ছাড়া উন্নয়ন ফি বাবদ বাইরের শিক্ষার্থীর জন্য ৫ হাজার ও ভেতরের জন্য ৪ হাজার, খেলাধুলার ফি ২০০, স্কাউট ফি ১০০, বেতন বহি ফি ৫০, পরিচয়পত্র ফি ১০০, কল্যাণ তহবিল ফি ২ হাজার ২০০, মিলাদ ফি ৫০ এবং কম্পিউটার ও বিজ্ঞান ল্যাব ফি বাবদ ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে।’
নাসিরনগর উপজেলার নাসিরনগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ৬০০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়েছে। এই কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে।
নাসিরনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২ হাজার ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে। তা ছাড়া কলেজের অন্যান্য খাতের ফিও এতে রয়েছে।
কলেজের অভিভাবক প্রতিনিধি মো. মনির বলেন, ‘অতিরিক্ত ফি আদায়, এমনকি এবারের ভর্তিসংক্রান্ত বিষয়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমার জানা নেই।’
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আসাদুজ্জামান বলেন, নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হলে খাতসমূহ উল্লেখ করতে হবে। তবে কেন এমনটি হচ্ছে, সে ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজে গিয়ে দেখা যায়, কলেজের নোটিশ বোর্ডে একাদশ শ্রেণির ভর্তির বিজ্ঞপ্তিতে ভর্তির জন্য সেশন ফিসহ আনুষঙ্গিক ফি ৩ হাজার ৬০০ টাকা নির্ধারণ করার কথা উল্লেখ করা হয়েছে।
কলেজের করণিক ছাইদুর রহমান বলেন, ‘একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে এই টাকা নিচ্ছি। প্রিন্সিপাল স্যারের হুকুম আমাদের পালন করতে হয়।’
বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রহিম বলেন, ‘আমরা কলেজের শিক্ষক দিয়ে কমিটি করে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৩ হাজার ৬০০ টাকা ফি হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তৌহিদ বলেন, মফস্বল এলাকায় একাদশ শ্রেণিতে ভর্তির ফি সর্বসাকল্যে এক হাজার করে নিতে পারবে। যদি সরকার নির্ধারিত ফির বেশি আদায় করে, তা হবে অনৈতিক। তবে এসব বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।