কুমিল্লার হোমনা উপজেলায় তিনটি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত এক হাজার থেকে আড়াই হাজার টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরিপত্রের শর্ত লঙ্ঘন করে ওই টাকা আদায় করা হচ্ছে।
কুমিল্লার শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পৌর এলাকায় ও উপজেলা শহরের কলেজগুলো প্রত্যেক ছাত্রের কাছ থেকে এ বছর একাদশ শ্রেণিতে ভর্তিতে সেশন ফিসহ এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
হোমনা উপজেলার তিনটি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে, উপজেলা সদরের হোমনা ডিগ্রি কলেজে ৩ হাজার ৫৭০ থেকে ৩ হাজার ৬৭০, হোমনা রেহেনা মজিদ কলেজে দুই হাজার, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজে ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৩০০ টাকা আদায় করা হচ্ছে।
এ বিষয়ে হোমনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেন বলেন, একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে পাঁচ মাসের বেতনসহ মানবিক ও বাণিজ্য শাখায় ৩ হাজার ৫৭০ এবং বিজ্ঞান বিভাগে ৩ হাজার ৬৭০ টাকা নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা কলেজের বেতন দিতে চায় না বলে বেশি টাকা নেওয়া হচ্ছে।
হোমনা রেহেনা মজিদ কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান বলেন, ‘একাদশ শ্রেণিতে ভর্তিতে আমরা দুই হাজার টাকা করে নিচ্ছি। আমরাই কুমিল্লা বোর্ডের অধীনে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সবচেয়ে কম টাকা নিচ্ছি।’
রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম বলেন, গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী মানবিক ও বাণিজ্য বিভাগে ভর্তির ফি ৩ হাজার ২০০ টাকা এবং বিজ্ঞান বিভাগে ৩ হাজার ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে কথা বলার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।