একাদশে ভর্তিতে ১০০ আসন দাবি, হাতবোমার বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের একাদশ শ্রেণির ভর্তিতে ১০০টি আসন দেওয়ার জন্য গতকাল রোববার কলেজ কর্তৃপক্ষকে চাপ দেন কলেজ শাখা ছাত্রলীগের একাংশের কর্মীরা। এতে বাধা দেওয়ায় তাঁরা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দফায় দফায় ভর্তিপ্রক্রিয়ায় বাধা দেন।
এ পরিস্থিতিতে আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকদের বেশির ভাগই ক্যাম্পাস ত্যাগ করে। পরে পুলিশের সহযোগিতায় ভর্তি কার্যক্রম শুরু হয়।
কলেজ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি কার্যক্রম শুরুর উদ্যোগ নেয় ভর্তি কমিটি। এ সময় কলেজ শাখা ছাত্রলীগের একাংশের কর্মী জাহিদ হাসান, মো. রিয়াজ, বায়েজিদ আহমেদ ও জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বেশ কয়েকজন কলেজে গিয়ে ভর্তিপ্রক্রিয়া বন্ধ রাখার দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের তাঁদের কাছে টাকা দিয়ে ভর্তি হতে অনুরোধ করেন। খবর পেয়ে ভর্তি কমিটির সভাপতি ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল হোসেন পুলিশকে বিষয়টি জানান। পুলিশ এলে বেলা ১১টায় ভর্তির প্রক্রিয়া শুরু হয়। একপর্যায়ে যুবলীগের কর্মী মো. মিজানুর রহমান ওরফে কালা মিজান ছাত্রলীগের ওই কর্মীদের নিয়ে ভর্তি কমিটির সঙ্গে কথা বলেন। ওই সময়ে তাঁরা একাদশ শ্রেণিতে ১০০টি আসন দাবি করেন। কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত তালিকার বাইরে কাউকে ভর্তি করবে না বলে জানিয়ে দেয়। এরপর ছাত্রলীগের উত্তেজিত কর্মীরা কলেজ অধ্যক্ষের দপ্তরের সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটান। মুহূর্তের মধ্যে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। পরে পুলিশ আসে। এ সময় ঘণ্টা খানেক ভর্তি বন্ধ থাকে। পরে বরুড়া থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর আবার পুলিশি পাহারায় ভর্তি শুরু হয়।
অভিযোগ প্রসঙ্গে কথা বলতে ছাত্রলীগের কর্মী বায়েজিদ আহমেদ ও যুবলীগের কর্মী মো. মিজানুর রহমানের মুঠোফোনে ফোন করলেও তাঁরা ধরেননি। ছাত্রলীগের অন্য কর্মীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু তৈয়ব বলেন, ‘ছাত্রলীগের নাম ভাঙিয়ে যারা এ কাজ করবে, তাদের বিরুদ্ধে কলেজ প্রশাসনকে বিধিমোতাবেক ব্যবস্থা নিতে অনুরোধ করছি। যারা এ কাজ করেছে, তারা ছাত্রলীগের কোনো পদে আছে কি না তা খতিয়ে দেখে বিস্তারিত বলব। ছাত্রলীগ জবরদস্তি করে কাউকে ভর্তি করাতে চায় না।’
জানতে চাইলে ভর্তি কমিটির আহ্বায়ক মো. আবুল হোসেন বলেন, ‘ওরা আমাদের কাছে ১০০ আসন দাবি করেছে। আমরা না করে দিয়েছি। পরে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এরপর পুলিশি পাহারায় ভর্তির কার্যক্রম চলে। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে অনেকে ভর্তি হতে পারেনি।’
কলেজের অধ্যক্ষ নবীদুল হক বলেন, ‘ঘটনার সময় আমি কলেজে ছিলাম না। বিকেলে কলেজে গিয়ে শুনি এ অবস্থা। এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।’