একাধিক ভুয়া পরীক্ষার্থীকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজকেন্দ্রে অন্যের হয়ে পরীক্ষা দিতে আসা ও নকল সরবরাহ করতে এসে ধরা পড়া একাধিক ভুয়া পরীক্ষার্থীকে পুলিশে সোপর্দ না করে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
সরকারি আজিজুল হক কলেজের শিক্ষক ও পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানটির নতুন ভবন কেন্দ্রে গতকাল সকালে পরীক্ষা চলছিল। সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ ও সারিয়াকান্দি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিচ্ছেন। এ সময় প্রবেশপত্রে ছবি বদলে অন্যের হয়ে পরীক্ষা দিতে আসা কয়েকজন ভুয়া পরীক্ষার্থীকে ধরে ফেলেন কক্ষে দায়িত্বরত কয়েকজন শিক্ষক।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক অভিযোগ করেন, অন্যের হয়ে বদলি পরীক্ষা এবং নকল সরবরাহ করতে আসা মোট ১২ জনকে আটক করা হয়। কয়েকজন ছাত্রনেতা তাদের ছাড়িয়ে নিতে আসেন। ওই নেতাদের চাপে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ তাদের ছেড়ে দেন।
ফারুক আহম্মেদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে পরীক্ষা কমিটির আহ্বায়ক দৈমদ্দীনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। অধ্যাপক দৈমদ্দীন দাবি করেন, অন্যের হয়ে পরীক্ষা দিতে আসার কারণে নয়, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
অধ্যক্ষ সামস-উল-আলম অবশ্য দাবি করেন, অন্যের হয়ে পরীক্ষা দিতে আসা ভুয়া পরীক্ষার্থীরা চিহ্নিত হওয়ার পর পরই পরীক্ষার কেন্দ্র থেকে দৌড়ে পালিয়ে যায়। তাই তাদের পুলিশে বা ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা সম্ভব হয়নি। পরে যেসব পরীক্ষার্থীর হয়ে ভুয়া পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছিল এমন চার পরীক্ষার্থীকে শনাক্ত করে বহিষ্কার করা হয়েছে। কারও চাপে কাউকে ছেড়ে দেওয়ার অভিযোগ সঠিক নয়।