একাধিক মামলার আসামির পক্ষে নৌমন্ত্রীর সালিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাধিক মামলার আসামি মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামী লীগের এক নেতার ‘পক্ষে’ গতকাল শনিবার সালিস বৈঠক করেছেন মাদারীপুর সদর আসনের সাংসদ ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। রাজৈর কদমবাড়ী পল্লীশ্রী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে সালিস বৈঠকে মন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের স্থানীয় নেতা, সরকারি কর্মকর্তাসহ ৬০-৬৫ জন উপস্থিত ছিলেন।
সরেজমিনে গিয়ে এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কদমবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য দীনেশ বিশ্বাসের সঙ্গে পরাজিত চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য বিধান বিশ্বাসের বিরোধ ছিল। চলতি বছরের মার্চে নৌমন্ত্রীকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে দীনেশ বিশ্বাস এলাকায় সন্ত্রাস ও মাদক প্রতিরোধের ঘোষণা দেন। মন্ত্রী চলে যাওয়ার পর বিধান এবং তাঁর লোকজন দীনেশের সমর্থকদের ওপর হামলা চালান। এতে দুজন জখম হন।
স্থানীয় ব্যক্তিরা জানান, বিভিন্ন পর্যায়ে চেষ্টা করেও দীনেশ ও বিধানের মধ্যকার বিরোধ মীমাংসা করা যায়নি। একাধিক মামলার আসামি হয়ে বিধান কিছুটা বিব্রত অবস্থায় পড়েন। পরবর্তীকালে তিনি নৌমন্ত্রীর শরণাপন্ন হয়। মন্ত্রী বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. মোতালেব মিয়া, ১১টি ইউপির চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের ২০ জন নেতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানসহ ৬৫ জন গতকাল দুপুরে কদমবাড়ী পল্লীশ্রী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মিলনায়তনে উপস্থিত হন।
এলাকার বাসিন্দা গৌতম বর, অনিমেস মৈত্রী ও অজয় রায় জানান, মীমাংসার বিষয়টি তিন দিন আগে থেকে মাইকিং করা হয়। কলেজ মাঠে প্যান্ডেল তৈরি করে প্রকাশ্যে লোকজনের উপস্থিতিতে সালিস করার কথা ছিল। গতকাল সকাল থেকে শত শত মানুষ সালিস দেখার জন্য জড়ো হন। কিন্তু বেলা দুইটা ২০ মিনিটে কলেজ মিলনায়তনে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। বিকেল সোয়া চারটায় বৈঠক থেকে বের হয়ে শাজাহান খান বলেন, দীনেশ ও বিধানের বিরোধ মীমাংসা করা হয়েছে। আজ থেকে তাঁরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।
সালিস বৈঠকে উপস্থিত স্কুলশিক্ষক অসীম বিশ্বাস জানান, বিধান ক্ষমা চেয়েছেন, মন্ত্রী উভয়কে কোলাকুলি করে দিয়েছেন। এ ছাড়া মামলা প্রত্যাহারের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে দায়িত্ব দিয়ে আগামী সাত দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
রাজৈর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘আমি সালিসকারী নই।’ বিধান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে প্রতারণাসহ কয়েকটি মামলা রয়েছে। ইউএনও মো. মিজানুর রহমান বলেন, ‘সিদ্ধান্ত সম্পর্কে আমি কিছুই জানি না। শুধু জানি, মন্ত্রী সালিস বৈঠকে বিধানকে ক্ষমা চাইতে বলেছেন।’
রাজৈর উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান বলেন, ‘সালিসে আর কী হয়, উভয়কে মিলিয়ে দিয়েছেন এবং মামলা প্রত্যাহারে আমাদের দায়িত্ব প্রদান করেছেন।’
কদমবাড়ী ইউপির সদস্য নিহার বৈদ্য বলেন, ‘আমাদের অন্তরালে মীমাংসা করা ঠিক হয়নি। আমরা সত্য জানতে পারিনি।’
দীনেশ বিশ্বাস বলেন, ‘আমাকে কোনো কথা বলেতে দেওয়া হয়নি।’ মন্ত্রীর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে তিনি বলেন, বিধানকে রক্ষায় সালিস বৈঠক করেছেন। এতে এলাকাবাসীর প্রত্যাশার কোনো প্রতিফলন ঘটেনি।
বিধান বিশ্বাস বলেন, ‘আমি সালিস বৈঠকের সিদ্ধান্ত মেনে নিয়েছি। মন্ত্রীর প্রতি আমি শ্রদ্ধাশীল।’ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিযোগের কিছু কিছু সত্য, কিছু কিছু ষড়যন্ত্র। এ জন্য আমি ক্ষমা চেয়েছি। আগামীতে সংশোধনের চেষ্টা করব।’
একজনের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ অস্বীকার করে নৌমন্ত্রী বলেন, ‘তাঁরা কোনো সন্ত্রাসী নন, দুই রাজনৈতিক নেতার ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। এলাকার সন্ত্রাস প্রতিরোধ, মাদক প্রতিরোধ ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা হয়েছে।’