একে একে ধরা পড়ল চোর চক্রের সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে সিসি ক্যামেরায় ধারণ করা ছবি দেখে একজন মোটরসাইকেল চোরকে গ্রেপ্তারের পর একে একে বেরিয়ে এল পুরো চোর চক্র। গ্রেপ্তার হলেন চক্রটির আরও পাঁচ সদস্য। একটি মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে চার জেলায় টানা চার দিন অভিযান চালিয়ে এই ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি চুরি যাওয়া মোটরসাইকেল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নাসিম (২৭), রংপুরের বদরগঞ্জ উপজেলার হাবিবুর রহমান (৩২) ও নির্মল রায় (৩৫), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রেজাউল করিম (৩২), সৈয়দপুরের শাহজাহান আলী (২৮) এবং লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আবু সাইদ (৩৩)।

পুলিশ জানায়, রংপুর ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের প্রধান ফটকের সামনে থেকে গত ২০ এপ্রিল এক শিক্ষার্থীর একটি ১৫০ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যান এক ব্যক্তি। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও কোতোয়ালি থানায় জমা দেওয়া হয়। ওই ব্যক্তি ২২ মে আবারও সেখানে ঘোরাফেরা করার সময় পুলিশ তাঁকে আটক করে। তাঁর নাম নাসিম। বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায়। আদালতের মাধ্যমে পুলিশ তাঁকে ১০ দিনের রিমান্ডে নেয় ২৪ মে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মোটরসাইকেল চোর চক্রটি ধরা পড়ে।

নাসিম ক্যান্টনমেন্ট স্কুলের সামনে থেকে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেছেন। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে নীলফামারীর সৈয়দপুরের পার্বতীপুর মোড় এলাকা থেকে তাঁর সহযোগী হাবিবুর রহমান ও নির্মল রায়কে আটক করে পুলিশ। এ সময় হাবিবুর ও নির্মলের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়। দুজনের বাড়িই রংপুরের বদরগঞ্জে।

হাবিবুর ও নির্মলের দেওয়া তথ্য অনুযায়ী দিনাজপুরের বীরগঞ্জ এলাকা থেকে আটক করা হয় রেজাউল করিমকে। এ সময় তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। রেজাউলের দেওয়া তথ্য অনুযায়ী সৈয়দপুর থেকে আটক করা হয় শাহজাহান আলীকে। তাঁর কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়। পরে শাহজাহান আলীর দেওয়া তথ্য অনুযায়ী লালমনিরহাটের পাটগ্রাম থেকে আটক করা হয় আবু সাইদকে। এই আবু সাইদের বাড়ি থেকেই স্কুলের সামনে থেকে চুরি যাওয়া সেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গত শুক্রবার থেকে সোমবার রাত পর্যন্ত এসব অভিযান চালানো হয়।

রংপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করেন সহকারী পুলিশ সুপার (সার্কেল-এ) আতাউর রহমান, রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম ও এসআই তারিকুল ইসলাম।

ওসি জাহিদুল ইসলাম জানান, চুরি করা প্রতিটি মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর টেম্পারিং করে তুলে ভুয়া নম্বর বসানো হয়েছে। চক্রটি ভুয়া কাগজ ও অ্যাফিডেভিটের মাধ্যমে চুরি যাওয়া মোটরসাইকেল বিক্রি করছিল।

ওসি আরও বলেন, ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের শিক্ষার্থী নাহিদ হোসেনের মোটরসাইকেল চুরির ঘটনায় নাসিম আটকের পর ২৮ মে কোতোয়ালি থানায় মামলা করেন তিনি। ওই মামলায় প্রথমে নাসিমকে আসামি করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন এলাকা থেকে আটক পাঁচজনকেও এ মামলায় আসামি করা হয়।