একে একে বেরিয়ে এলো নয়টি সোনার বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা তিনজন। কক্সবাজার থেকে বাসে চেপে আসছিলেন চট্টগ্রাম শহরে। নগরের মইজ্জারটেক এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ তাঁদের বাসটি থামায়। শরীর তল্লাশি করে তাঁদের কাছ থেকে প্রথমে কিছুই পাওয়া যায়নি। পরে তিনজনকে নগরের কর্ণফুলী থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজনকে আবারও তল্লাশি চালিয়ে পাওয়া গেল নয়টি সোনার বার। শরীরের সঙ্গে বিশেষ কায়দায় সোনাগুলো বেঁধে রেখেছিলেন তাঁরা। সোনা পাচারের অভিযোগে তাঁদের তিনজনকেই গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেন রহমত উল্লাহ, মো. শফি ও ইয়াসমিন আক্তার। তাঁরা কক্সবাজারের উখিয়ার বাসিন্দা।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর) আরেফিন জুয়েল প্রথম আলোকে বলেন, গোপন তথে৵র ভিত্তিতে কক্সবাজার থেকে আসা একটি যাত্রীবাহী বাসে নগরের মইজ্জারটেক এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় তিনজনের কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। পরে তাঁদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে চট্টগ্রামে সোনার বার নিয়ে আসার কথা স্বীকার করেন। শরীরে পায়ুপথে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনজনের কাছ থেকে তিনটি করে নয়টি সোনার বার উদ্ধার করা হয়। নয়টি সোনার বারের ওজন দেড় কেজি। এই ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা হয়েছে।