একে বন্যা, তার ওপর ডাকাতের হানা
একেই বোধ হয় বলে মড়ার উপর খাঁড়ার ঘা! একে তো বন্যায় প্লাবিত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা। তার ওপর নতুন উপদ্রব হিসেবে হাজির হয়েছে ডাকাতদের হানা। এ থেকে রক্ষা পেতে বন্যাকবলিত আতঙ্কিত জনতা রাত জেগে পাহারা বসিয়েছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, উপজেলার চুকাইবাড়ি, হাতিভাঙা, চর আমখাওয়া, কাঠারবিল, চর হলকা, হাওড়াবাড়ি, সাকুয়ার চর, টিনের চর, ভেরামারা, মধ্যের চর গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়। চারদিকে বানের পানি থাকার সুযোগে ডাকাতেরা শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় নিয়ে প্রতিদিনই হানা দেওয়ার চেষ্টা করছে। এ থেকে রক্ষা পেতে প্রতিটি গ্রামে ৪০-৫০ জনের সমন্বয়ে একটি করে ডাকাত প্রতিরোধে দল গঠন করা হয়েছে। ওই দল রাত জেগে পাহারা দিচ্ছে।
দেওয়ানগঞ্জ উপজেলার চর হলকা গ্রামের রফিকুল ইসলাম বলেন, ‘বন্যার সঙ্গে সঙ্গে আমরা ডাকাত আতঙ্কের মধ্যে থাকি। প্রায় রাতেই চার-পাঁচটি নৌকা নিয়ে ডাকাতেরা ঘোরাঘুরি করে। এখনো অবশ্য আমাদের গ্রামে ঢুকতে পারেনি। গ্রামে পাহারার ব্যবস্থা করা হয়েছে।’
দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান বলেন, জুলাইয়ের ২০ তারিখ থেকে এ উপজেলায় বানের পানি আসে। এরপর থেকে প্রতিদিন ডাকাতেরা শ্যালো ইঞ্জিনচালিত বড় বড় নৌকা নিয়ে গ্রামে গ্রামে হানা দেওয়ার চেষ্টা করছে। ডাকাতদের আনাগোনা বেড়ে যাওয়ায় জেলা প্রশাসকের পরামর্শে প্রতিটি গ্রামে ৪০ থেকে ৫০ জনের সমন্বয়ে প্রতিরোধ দল গঠন করা হয়েছে। রাত জেগে তারা নৌকা নিয়ে বিভিন্ন গ্রামে পাহারা দিচ্ছে। এ কারণে এবার গ্রাম থেকে মালামাল লুটের ঘটনার খবর পাওয়া যায়নি।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক প্রথম আলোকে বলেন, দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা নদীবেষ্টিত ঝুঁকিপূর্ণ গ্রামগুলোর লোকজন ও পুলিশের সমন্বয়ে দল গঠন করে দেওয়া হয়েছে। তারা রাতে নৌকা নিয়ে টহল দিয়ে থাকে। এ ছাড়া পুলিশের বেশ কয়েকটি দল ওই সব এলাকায় সন্ধ্যার পর থেকে নিয়মিত টহল দিচ্ছে। ফলে এ উপজেলায় এখনো ডাকাত কারও বাড়ি থেকে মালামাল লুটতে পারেনি।