একেই বলে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেই বলে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে! মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন। সেখানে দিব্যি সংসার করছেন। এখন আবার বাবার বাড়িতেও আসছেন। অথচ তাঁর পরিবার মামলার বোঝা চাপিয়েছে প্রতিবেশীদের ঘাড়ে। মামলার অভিযোগ যে সঠিক নয়, মেয়েটি নিজেই স্বীকার করেছেন।
মেয়েটির নাম রহিমা খাতুন। বাবার নাম আখের আলী শেখ। বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামে। আখের আলীই অপহরণ মামলার বাদী।
ভুক্তভোগী সাতজনের একজন রাশেদ শেখ বলেন, ‘আমরা গরিব মানুষ। কৃষিখেতে কাজ করে সংসার চালাই। কিন্তু সন্দেহবশত আমাদের পরিবারের সাতজনের বিরুদ্ধে রাজবাড়ী আদালতে মামলা করা হয়।’
আখের আলী শেখ মামলাটি করেন ২০১৪ সালের ১৪ ডিসেম্বর। এতে ১ নম্বর আসামি করা হয় রাশেদ শেখের ভাই মঞ্জু শেখ। ২ নম্বর আসামি হন তাঁদের বাবা হাসেম শেখ। রাশেদ শেখসহ আসামি করা হয় পরিবারটির আরও পাঁচজনকে। তবে আদালত মঞ্জু শেখ বাদে অন্য আসামিদের নাম মামলা থেকে খারিজ করে দেন। দীর্ঘদিন মামলা চালাতে গিয়ে হাসেম শেখের পরিবারের কমপক্ষে ৪০-৫০ হাজার টাকা গচ্চা গেছে। তা ছাড়া মামলার দিনগুলোতে তাঁরা কাজ করতে পারেন না। সেই হিসাব করলে ক্ষতির পরিমাণটা লাখ টাকা ছাড়িয়ে যায়।
মামলার ১ নম্বর আসামি মঞ্জু শেখ বলেন, ‘অষ্টম শ্রেণিতে পড়ার সময় রহিমা খাতুন পালিয়ে যায়। তার পরিবার এ ঘটনায় তাঁদের (মঞ্জু শেখদের) সন্দেহ করে। সেই সন্দেহ থেকেই তারা মিথ্যা মামলা দায়ের করে। মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করা হয়েছে। এখন আমরা এই হয়রানির বিচার চাই।’
রহিমা খাতুন পালিয়ে গিয়ে বিয়ে করেছেন ভোলার মোহন মিয়া নামে এক ব্যক্তিকে। সেখানে তিনি স্বামীর সংসার করছেন। সম্প্রতি তিনি স্বামীসহ বালিয়াকান্দিতে বাবার বাড়িতে বেড়াতে আসার পর ঘটনাটির রহস্য খুলে যায়।
রহিমা খাতুন গত সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ে যাওয়া-আসার সময় মোহন মিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়। মোহনের বাড়ি ভোলায় হলেও বালিয়াকান্দির জামালপুরে একজনের বাড়িতে গাড়ি চালানোর চাকরি করতেন। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মোহন তাঁকে নিয়ে পালিয়ে ভোলায় চলে যান। রহিমা বললেন, ‘এরপর থেকে আমি সেখানেই বসবাস করছি। আমার বাবা বিষয়টি না জেনে মামলা দায়ের করেছেন। আমাকে কেউ অপহরণ করেনি। কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।’
ঘটনাটি নিয়ে মামলার বাদী আখের আলী শেখ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তিনি শুধু এটুকু বলেন, ‘মেয়ে নিখোঁজ ছিল, তাই মামলা করেছিলাম। এখন এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’
আদালত মামলাটির তদন্তের দায়িত্ব দিয়েছেন বালিয়াকান্দি থানা-পুলিশের কাছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিনা বেগম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, তিনি এ থানায় নতুন এসেছেন। কাগজপত্র দেখে খোঁজ নিয়ে তিনি বিষয়টি জানাতে পারবেন।