রংপুর নগরের লালবাগ থেকে পার্ক মোড় যেতে—এই আধা কিলোমিটার সড়কে এত দিন একের পর এক ছিনতাই হয়ে আসছিল। এবার ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যাংকের এক নিরাপত্তাকর্মী খুন হওয়ায় ওই সড়ক দিয়ে চলাচলকারী মানুষের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
ব্যাংকের নিরাপত্তাকর্মী খুনের ঘটনায় জড়িত সন্দেহে গতকাল সোমবার সকালে পুলিশ দুই তরুণকে গ্রেপ্তার করেছে। এঁরা হলেন শহরের আলমনগর খেড় বাড়ি এলাকার সুমন (২৩) ও জনি (২৪)। তাঁদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।
গত রোববার রাত ১০টার দিকে শহরের লালবাগ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনের সড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হন অতুল চন্দ্র (৫০)। তিনি সাইকেলে করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। শহরের খটখটিয়া চিলারঝাড় এলাকায় ছিল তাঁর বসবাস। তিনি শহরের শাপলা মোড়ে অবস্থিত পূবালী ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী ছিলেন। এ ঘটনায় অতুল চন্দ্রের ছেলে তপন চন্দ্র বাদী হয়ে গতকাল কোতোয়ালি থানায় কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। এর আগে গত ১১ ফেব্রুয়ারি এক রাতে ওই সড়কে আটটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ নিয়ে প্রথম আলোয় ১৩ ফেব্রুয়ারি ‘আধা কিলোমিটারে এক রাতে আটটি ছিনতাই’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। রংপুর শহরে ছিনতাই বেড়ে যাওয়ায় ছিনতাইকারীদের ধরতে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে।
লালবাগ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে পর্যন্ত সড়কের দুই পাশে কোনো বাড়িঘর নেই। রয়েছে কৃষি বীজ কার্যালয় ও কারমাইকেল কলেজিয়েট স্কুল ও কলেজ। আর কিছু এলাকায় আবাদি জমি। এই নির্জনতার সুযোগে ওই সড়কে ছিনতাইকারীরা ওত পেতে থাকে। অথচ ওই পথ দিয়ে প্রতি রাতে চলাচল করেন কারমাইকেল কলেজ ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁদের অনেকে ইতিমধ্যে ছিনতাইয়ের শিকার হয়েছেন। এই সড়কে চলাচলকারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ বলেন, শহর থেকে পার্কের মোড়ে বাড়িতে ফিরতে তাঁকে এই পথে যেতে হয়। ইতিমধ্যে বেশ কিছু ছিনতাই এবং সর্বশেষ একজন খুন হওয়ার ঘটনায় তিনি এখন শঙ্কিত। কয়েকজন নগরবাসী বলছেন, ওই সড়কসহ শহরের বিভিন্ন এলাকায় রাতে পুলিশের টহল জোরদার করার পরও ছিনতাইকারীদের উৎপাত কমছে না। প্রায় দিনই ছিনতাইয়ের খবর পাওয়া যায়। কিন্তু ঝামেলা এড়াতে এসব ঘটনায় ভুক্তভোগীরা থানা-পুলিশ করেন না।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আজিজ বলেন, ছিনতাইকারী ধরতে প্রতি রাতেই পুলিশের একাধিক টহল দল থাকে। প্রায় দিনই ছিনতাইকারীদের গ্রেপ্তারও করা হয়। নতুন করে রোববার রাত থেকে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।