একের পর এক ডাকাতি কিন্তু মামলা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের হেমায়েতপুরে কবীর সাউন্ড সিস্টেমে হানা দিয়ে ডাকাতেরা প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পর দোকানমালিক কবীর হোসেন সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু গত দুই মাসেও তাঁর অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়নি।
কবীর হোসেন বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মামলা লিপিবদ্ধ না করে বিষয়টি দেখা হচ্ছে বলে আশ্বাস দিয়ে যাচ্ছেন। এই অবস্থায় তিনি ব্যবসা ছেড়ে চাকরির জন্য বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
শুধু কবীর হোসেনের দোকানেই নয়, সম্প্রতি আরও বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে সাভারের বিভিন্ন এলাকায়। এসব ঘটনায় স্থানীয় সাংসদের স্ত্রীর প্রতিষ্ঠান ও পুলিশ কর্মকর্তার বাসায়ও ডাকাতি হয়েছে। অথচ থানায় কোনো মামলা হয়নি।
১৫ মার্চ রাতে ডাকাতেরা সাভারের হেমায়েতপুরের সুগন্ধা হাউজিংয়ের বাসিন্দা এনায়েত হোসেনের বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া রাজধানীর দারুস সালাম থানার এএসআই মশিউর রহমান এবং পাশের রমজান আলীর ফ্ল্যাটে ডাকাতি হয়। ডাকাতেরা তৃতীয় তলায় দরজা ভেঙে বাড়ির মালিকের ফ্ল্যাটে ঢুকেও ডাকাতির চেষ্টা চালায়। কিন্তু আশপাশের লোকজন ও হাউজিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা এগিয়ে গেলে ফাঁকা গুলি করে ডাকাতেরা পালিয়ে যায়। একই রাতে পাশের সাঈদুর রহমানের বাড়িতে হানা দিয়েও ডাকাতির চেষ্টা চালায় ডাকাতেরা। কিন্তু কোনো ঘটনায়ই থানায় মামলা হয়নি। এএসআই বলেন, ওই রাতে তিনি বাসায় ছিলেন না। এই সুযোগে ডাকাতেরা তাঁর বাসায় ঢুকে ১৯ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বিষয়টি তিনি সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ আল মামুনকে জানান। এরপরেও ব্যবস্থা নেওয়া হয়নি।
আর রমজান আলী জানালেন, তাঁর বাসা থেকে ডাকাতেরা ১৫ হাজার টাকা ও মুঠোফোন লুটে নিয়ে যায়। ঘটনার পর বাড়ির মালিক দায়িত্ব নেওয়ায় তাঁরা মামলা করা থেকে বিরত থাকেন।
যোগাযোগ করা হলে এনায়েত হোসেনের স্ত্রী রহিমা খানম বলেন, ঘটনার পরপরই তাঁরা সাভার মডেল থানায় গিয়ে অভিযোগ করেন। এরপর এসআই জাকারিয়া হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে খোয়া যাওয়া মালামালের তালিকা প্রস্তুত করে নিয়ে যান।
কিন্তু এসআই জাকারিয়া বলেন, কোনো অভিযোগ পাওয়া যায়নি। তা ছাড়া অভিযোগ দেওয়ার মতো কোনো ঘটনাও ঘটেনি।
১২ মার্চ রাতে সাভারের ফুলবাড়িয়া এলাকায় স্থানীয় সাংসদ এনামুর রহমানের স্ত্রী রওশন আক্তারের মালিকানাধীন সান-শাইন নামের একটি কারখানায় হানা দিয়ে ডাকাতেরা প্রায় ১২ লাখ টাকার মালামাল লুটে নেয়। একই রাতে আমিনবাজারের পিঙ্ক ফুড লিমিটেডে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে প্রায় দুই লাখ টাকা লুটে নিয়ে যায় ডাকাতেরা। রওশন আক্তার বলেন, ডাকাতেরা দুটি ট্রাক নিয়ে এসে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত তাঁর কারখানার নিরাপত্তাকর্মীদের বেঁধে প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে। তবে তিনি মামলা করেননি। মামলা না করা প্রসঙ্গে তিনি বলেন, তাঁর স্বামী সাংসদ এনামুর রহমান মামলার দায়িত্ব নেওয়ায় তিনি মামলা করা থেকে বিরত থাকেন। আর সাংসদ এনামুর রহমান বলেন, প্রতিষ্ঠানের মালিক তাঁর স্ত্রী। তাই মামলা করবেন কি করবেন না, সে ব্যাপারে তাঁর স্ত্রী সিদ্ধান্ত নেবেন।
সাভার পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, ৯ মার্চ রাতে একদল ডাকাত তাঁর ব্যাংক টাউনের বাসায় হানা দিয়ে কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। তিনি আঁচ করতে পেরে চিৎকার দিলে ডাকাতেরা চলে যায়। এর কিছু সময় পরে ডাকাতেরা পাশের কবীর হোসেনের বাড়িতে ভাড়াটিয়াদের দুটি ফ্ল্যাটে ঢুকে টাকা ও মালামাল লুটে নিয়ে যায়।
জানতে চাইলে কবীর হোসেন এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। আর তাঁর বাসার ভাড়াটিয়ারা ভয়ে নিজেদের পরিচয় গোপন রেখে বলেন, ঝামেলা এড়াতে তাঁরা মামলা করা থেকে বিরত রয়েছেন।
৫ মার্চ রাতে সাভার পৌর এলাকার তালবাগে ঢাকা ট্রেড লিংক ও ধামরাই স্যানিটারি নামে দুটি প্রতিষ্ঠানে ডাকাতি হয়। ডাকাতেরা ওই দোকান থেকে প্রায় আট লাখ টাকা ও মালামাল লুটে নেয়। ঢাকা ট্রেড লিংকের মালিক মিজানুর রহমান বলেন, তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
থানার ওসি কামরুজ্জামান বলেন, ‘কোথায় ডাকাতি? চুরি হইলেই যদি ডাকাতি বলেন, তাহলে কেমনে চলবে? তা ছাড়া কেউ অভিযোগও করেননি।’