একের পর এক নাশকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চল থেকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা হয়ে ঢাকায় আসতে হয়। এ কারণে অবরোধ শুরু হওয়ার পর এখানে নাশকতার ঘটনা বেশি ঘটছে। অবরোধকারীরা এ পর্যন্ত এই উপজেলার ওপর দিয়ে যাওয়া মহাসড়কে দুই শতাধিক যানবাহন ভাঙচুর ও চারটিতে অগ্নিসংযোগ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে অনৈক্যের সুযোগে পলাশবাড়ী উপজেলা শহরে জামায়াত-শিবির অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। এরাই মহাসড়কে নাশকতার ঘটনা ঘটাচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলা শহরের বুক চিরে ঢাকা-রংপুর মহাসড়ক নির্মিত হয়েছে। গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার লোকজনকে এই মহাসড়ক ধরে পলাশবাড়ীর ওপর দিয়ে ঢাকায় যেতে হয়। এ ছাড়া উপজেলা শহরের বিটিসি মোড় হচ্ছে গাইবান্ধার সাদুল্যাপুর, রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সীমানা। মোড়ের আশপাশের গ্রামগুলোও জামায়াত-অধ্যুষিত। এ কারণে জামায়াত-শিবির পলাশবাড়ী শহরকে আন্দোলনের মূল ঘাঁটি হিসেবে ব্যবহার করছে।
দীর্ঘদিন ধরে উপজেলার মেরিরহাট সিনিয়র দাখিল মাদ্রাসার সুপার নজরুল ইসলাম গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসন থেকে জামায়াতের সমর্থন নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। এবার তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর বাড়ি পলাশবাড়ী উপজেলা শহরে হওয়ায় তিনি জামায়াতকে সংগঠিত করেছেন।
অনুসন্ধানে আরও জানা গেছে, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ৬ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ২০ দলের ডাকা অবরোধে দুই শতাধিক যানবাহন ভাঙচুর ও চারটিতে অগ্নিসংযোগ করেছে। এসব ঘটনায় পলাশবাড়ী থানায় আটটি মামলা করা হয়। ১০০ থেকে ১৫০ জনের নাম উল্লেখ ও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত দেখিয়ে এসব মামলা করা হয়। এসব মামলায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘আমি এখানে এসে দেখছি, স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগ নিয়ে জামায়াত-শিবির সংগঠিত হয়ে নাশকতা চালাচ্ছে। ভৌগোলিক কারণেও তারা শক্তিশালী বেশি। তার পরও নাশকতা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর প্রধান বলেন, ‘নেতা-কর্মীদের মধ্যে কিছুটা অনৈক্য আছে ঠিক। কিন্তু তিন জেলার সীমানা হওয়ায় ভৌগোলিক কারণে এখানে জামায়াত-শিবির বেপরোয়া। তাদের বিরুদ্ধে দলীয়ভাবে প্রতিরোধ করতে গেলেই তারা আমাদের নেতা-কর্মীদের ওপর চোরাগুপ্তা হামলা চালায়। ২২ জানুয়ারি দিবাগত রাতে জামায়াত-শিবির আবদুস সাত্তার ও জিল্লুর রহমান নামের দুই কর্মীকে পিটিয়েছে। প্রায়ই এমন ঘটনা ঘটছে।’
জেলা জামায়াতের সেক্রেটারি ও পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘আমরা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করছি। সহিংসতা ও জ্বালাও-পোড়াও করি না। কিন্তু অবরোধের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। এমনকি ছাত্রলীগসহ ক্ষমতাসীন দলের লোকজনই নাশকতা করে জামায়াত-শিবিরের ওপর দায় চাপাচ্ছে।’
নাশকতা পলাশবাড়ীতে বেশি কেন হচ্ছে, জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, ‘এ জন্য পুলিশই দায়ী। কারণ, তারা আসামি গ্রেপ্তারের নামে সাধারণ মানুষের বাড়িঘর ভাঙচুর এবং টাকা, স্বর্ণালংকার লুটপাট করছে। নারীদের গালিগালাজ করছে। পুলিশ যাদের ওপর নির্যাতন করছে, তারাই অতিষ্ঠ হয়ে দুর্বৃত্তদের সহযোগিতা করতে পারে।’পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান মানুষের ঘরবাড়ি লুটপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রেপ্তার অভিযান যাতে চালানো না হয়, সে জন্য বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা নিজেদের আসবাব নিজেরাই ভাঙচুর করছেন।