একের পর এক বিয়ে করেন তিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে নিবন্ধন (রেজিস্ট্রি) করা হয়েছে গত সোমবার। এরপর বুধবার দুপুরে বর আসেন কলেজছাত্রীর বাড়ি। বরযাত্রী আর আত্মীয়স্বজনে বাড়ি উৎসবমুখর। আর তখনই হাটে হাঁড়ি ভাঙে, বর মনজুর আলম একজন প্রতারক। এর আগেও তিনি কয়েকটি বিয়ে করেছেন।
এ কান-ও কান হয়ে বিষয়টি জেনে যায় কনে। সে স্থানীয় একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ঘটনার আকস্মিকতায় সে মূর্ছা যায়। মুহূর্তে পাল্টে যায় ঝালকাঠির রাজাপুর উপজেলার ওই বিয়েবাড়ির পরিবেশ। ক্ষোভে ফেটে পড়েন কনের স্বজনেরা। বর মনজুর ও ঘটক মো. হানিফকে আটক করা হয়। পরে তাঁদের দুজনকে পুলিশে সোপর্দ করা হয়। অবস্থা বেগতিক দেখে বরযাত্রীরা যে যার মতো পালিয়ে যায়।
কলেজছাত্রীর ভাই প্রথম আলোকে বলেন, মনজুর আলমের (২৪) বাড়ি ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বেরপাশা গ্রামে। তিনি বরিশাল জজ আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারী। উপজেলার মঠবাড়ি ইউনিয়ন কাজি অফিসে এক লাখ টাকা দেনমোহরে গত সোমবার তাঁর বোনের সঙ্গে মনজুরের বিয়ে নিবন্ধন করা হয়। কিন্তু মনজুর এর আগে যে বেশ কয়েকটি বিয়ে করেছিলেন, সে তথ্য গোপন রেখেছিলেন। ঘটকও কিছু বলেননি।
মনজুরের স্ত্রীদের একজন জেলার রাজাপুরের পারভিন বেগম (১৯)। পারভিন উপজেলার বাইপাস এলাকার ইউনুস খানের মেয়ে। মনজুরকে আটক করা হয়েছে—খবর পেয়ে তিনি রাজাপুর থানায় যান। সেখানে পারভিন সাংবাদিকদের বলেন, দেড় বছর আগে মনজুরের সঙ্গে এক লাখ টাকা দেনমোহরে তাঁর বিয়ে হয়। কিন্তু বিয়ের পর তাঁর (পারভিন) কাছে বিভিন্ন সময় মনজুর যৌতুক চাইতেন। কিন্তু তাঁর পরিবার গরিব। তাই মনজুরকে টাকা দিতে পারেনি। এ কারণে মনজুর প্রায়ই তাঁকে মারধর করতেন। আট দিন আগে সর্বশেষ নির্যাতন করে উধাও হন। এরপর আবার বিয়ে করতে গিয়ে মনজুর ধরা পড়েন।
ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নূর হোসেন বলেন, ‘মনজুর বিভিন্ন এলাকায় বিয়ে করে শ্বশুরবাড়ি থেকে যৌতুক নিয়ে স্ত্রীদের আর কোনো খোঁজখবর নেন না। আমি এমন পাঁচ-ছয়টি ঘটনা সম্পর্কে অবগত।’
জানতে চাইলে মনজুর আলম বলেন, ‘প্রথম স্ত্রী মারা যাওয়ায় আমি দ্বিতীয় বিয়ে করি। কিন্তু সেই বউ আমাকে ছেড়ে চলে যায়। এরপর চার-পাঁচটি বিয়ে করেছি।’ স্ত্রী পারভিনকে নির্যাতনের বিষয়ে প্রশ্ন করলে মনজুর চুপ থাকেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, ‘কনেপক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। বর মনজুর ও ঘটক হানিফকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’