ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটি ১০ বছর ধরে বিকল রয়েছে। এ ছাড়া কাগজের অভাবে ইসিজির যন্ত্রটিও ব্যবহার করা যাচ্ছে না। এতে স্থানীয় মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অর্থের অভাবে এক্স-রে যন্ত্রটি মেরামত করা যাচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, পৌরসভা ও ১০টি ইউনিয়নের মানুষের চিকিৎসার একমাত্র ভরসা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। একে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করতে আট কোটি টাকা ব্যয়ে একটি হাসপাতাল ভবন ও দুটি আবাসিক ভবন নির্মাণ করা হয়। ২০১৩ সালের ২০ সেপ্টেম্বর ৫০ শয্যার হাসপাতালের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কিন্তু হাসপাতালের এক্স-রে যন্ত্রটি ১০ বছর ধরে বিকল হয়ে পড়ে আছে। এমনকি এখানে ইসিজির একটি যন্ত্র থাকলেও কাগজের অভাবে তা এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি।
কসবা পশ্চিম ইউনিয়নের মিরতলা গ্রামের গৃহবধূ শরীফা বেগম বলেন, অন্তঃসত্ত্বা নারীরা চিকিৎসার জন্য হাসপাতালে গেলেও সেখানে এক্স-রে ও ইসিজির কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে অনেক রোগীকে ৩০ কিলোমিটার দূরে জেলা সদরে যেতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন জানান, এক্স-রে যন্ত্রটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ৮ থেকে ১০ বার লিখিতভাবে জানানো হয়েছে। এরপরও কোনো লাভ হচ্ছে না। এ ছাড়া ইসিজি যন্ত্রটি কাগজের অভাবে ব্যবহার করা যাচ্ছে না।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন হাছিনা আক্তার বলেন, এক্স-রে যন্ত্র মেরামতের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। বিষয়গুলো নিয়ে বারবার লেখা হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না।