লক্ষ্মীপুর সদর হাসপাতালে এক্স-রে ফিল্ম নেই। এ কারণে রোগীরা বেশি খরচে বেসরকারি রোগনির্ণয় কেন্দ্র থেকে এক্স-রে করাতে বাধ্য হচ্ছেন।
হাসপাতাল সূত্র জানায়, গত ১০ আগস্ট থেকে সদর হাসপাতালে এক্স-রে ফিল্ম নেই।
গত বৃহস্পতিবার সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা সদর উপজেলার রমাপুর গ্রামের কৃষক মো. দুলাল বলেন, পেটে ব্যথা নিয়ে তিনি হাসপাতালে এসেছেন। চিকিৎসক তাঁকে এক্স-রে করাতে বলেছেন। কিন্তু সদর হাসপাতালে এক্স-রে করাতে না পেরে তিনি ১ হাজার টাকা খরচ করে বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে এক্স-রে করিয়েছেন।
একই উপজেলার কালিরচর গ্রামের মো. রাসেল বলেন, তাঁর পাঁচ বছরের ছেলে সিয়ামকে সদর হাসপাতালের চিকিৎসক এক্স-রে করাতে বলেছেন। কিন্তু প্রাইভেট হাসপাতালে টাকা বেশি চাওয়ায় তিনি এক্স-রে করাতে পারেননি।
হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিন জেলার বিভিন্ন অঞ্চল থেকে চিকিৎসা নিতে আসা ৩০-৪০ জন রোগীকে বাইরের রোগনির্ণয় কেন্দ্রে এক্স-রে করাতে হচ্ছে।
সদর হাসপাতালের এক্স-রে টেকনিশিয়ান মো. সেফায়েত উল্যাহ জানান, এক্স-রে ফিল্মের সরবরাহ না থাকায় হাসপাতালে এক্স-রে করা সম্ভব হচ্ছে না।
সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মোস্তাফা খালেদ আহম্মদ বলেন, সরকারিভাবে ফিল্মের সরবরাহ নেই। ফিল্ম সরবরাহের জন্য ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে।