এখন তাঁরা যা বলছেন!
বগুড়ায় ছাত্রী ধর্ষণ ও পরে মা-সহ তাঁর মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনার মূল হোতা শ্রমিক লীগ নেতা তুফান সরকারের অপকর্ম নিয়ে বিব্রত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। তবে এর দায় নিচ্ছেন না কেউ। এত দিন যাঁরা তুফানের ঘনিষ্ঠ ছিলেন, তাঁদের কেউ এখন কথা বলছেন না। আবার কেউ কেউ দলীয়ভাবে প্রতিবাদ করতে না পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।
অভিযোগ রয়েছে, ২০১২ সাল থেকে এ পর্যন্ত হত্যা, হত্যাচেষ্টা, মাদক ব্যবসা ও চোরাচালানের ছয়টি মামলার আসামি এই তুফান সরকার। ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় থেকে ছয় বছরে গাড়ি, বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান এবং বগুড়া ও ঢাকায় ফ্ল্যাটসহ অঢেল সম্পদের মালিক বনেছেন। নানা অপকর্ম করলেও দলীয় নেতাদের আশীর্বাদে ধরাছোঁয়ার বাইরে থেকেছেন তিনি। নানা অপকর্মে জড়িত থেকেও বাগিয়েছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের শহর শাখার শীর্ষ পদ।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতার ভাষ্য, তুফান সরকার জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এক নেতা এবং জেলা শ্রমিক লীগের শীর্ষস্থানীয় এক নেতার আশীর্বাদে থেকে এত দিন ইয়াবা-ফেনসিডিলের ব্যবসা, খুন-ধর্ষণ, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছেন।
কয়েক দিন আগেও শহরের চকযাদু ক্রস লেন সড়কে তাঁর নতুন ব্যবসাপ্রতিষ্ঠান উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। এই নেতার সঙ্গে তুফানের সখ্য রয়েছে বলে অনেকে বলে থাকেন। তবে তুফান সরকারকে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মমতাজ উদ্দিন।
বগুড়া জেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘তুফানের অপকর্মের বিষয়টি নিয়ে কাউকে মুখ দেখাতে পারছি না। তাঁর সব অপকর্ম জানারও পরও প্রভাবশালী কোনো কোনো নেতার আশীর্বাদে থাকায় এত দিন নিজে অসহায় ছিলাম।’
বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, সহযোগী সংগঠনের নেতারা কে কী করেন, সেটা আওয়ামী লীগের পক্ষে অনেক সময় জানা সম্ভব হয় না। ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে এসব দেখার দায়িত্ব সংশ্লিষ্ট সংগঠনের জেলা নেতাদের। তুফানের বিষয়টি নিয়ে দল কিছুটা বিব্রত।
বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান বলেন, ‘তুফান সরকারের মতো নেতাদের কারণে দলের ভাবমূর্তি এখন প্রশ্নবিদ্ধ। এসব নেতার অপকর্মে শেখ হাসিনা সরকারের এত দিনের উন্নয়ন ও অর্জন ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এসব নেতাকে সহযোগী সংগঠন থেকে বহিষ্কারের জন্য দলীয় ফোরামে অনেক বলেছি। কিন্তু কেউ তা আমলে নেয়নি।’
বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আছাদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তুফান সরকার যে অপকর্ম করেছে, সেটা যদি আমার নিজের কেউ করত, তারও দৃষ্টান্তমূলক শাস্তি চাইতাম। এখনো চাই। তুফান সরকারের মতো লোকজনকে যাঁরা দলীয় পদে বসান, ছাত্রী নির্যাতনের এ ঘটনায় তাঁরাও সমান দায়ী। দলীয় সিদ্ধান্ত বলতে পারব না, তবে আমি ব্যক্তিগতভাবে এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’
বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান বলেন, যে ঘটনা ঘটেছে, কোনো কিছুর সঙ্গে তুলনা চলে না। এটা অত্যন্ত অমানবিক, ন্যক্কারজনক এবং বর্বরোচিত। দলের নাম ব্যবহার করে কেউ এসব করছে। এসব অপকর্মের দায় দল নেবে না। যারা ছাত্রী নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ: বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায় তাঁর ফেসবুকে লিখেছেন, ‘ধিক্কার......... এই লজ্জা সকলের। প্রতিবাদ চলবেই।’
তুফান সরকারের ঘটনা সম্পর্কে জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস তাঁর ফেসবুকে লিখেছেন, ‘খুনি, মাদক ব্যবসায়ীতে ছেয়ে গেছে বগুড়া শহর।’ ধর্ষক, খুনি ও মাদকসম্রাটদের কঠোর শাস্তি দেওয়া উচিত বলে মত তাঁর।