মামলা হওয়ার এক সপ্তাহ পরও অঞ্জনা নমর (১৬) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিহত অঞ্জনার বাবা রাজেন্দ্র নমর অভিযোগ, সরকারদলীয় নেতাদের নিয়ে ময়নাতদন্তের প্রতিবেদন পরিবর্তন করার চেষ্টা চালাচ্ছেন আসামি সজল কান্তি দেব।
রাজেন্দ্র নম বলেন, মামলার প্রায় এক সপ্তাহ হতে যাচ্ছে পুলিশ এখনো কোনো আসামি ধরেনি। এদিকে সজল তাঁর আত্মীয়স্বজনদের অভয় দিচ্ছেন, ময়নাতদন্ত প্রতিবেদন ঠিকই আত্মহত্যার আসবে। জেলা সদরের বেশ কয়েকজন সরকারদলীয় নেতা তাঁর পক্ষে এ বিষয়ে কাজ করছেন। পুলিশ ও স্বাস্থ্য বিভাগের আলামত দেখেও তা সন্দেহ হচ্ছে।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন থেকে ১৬ আগস্ট পুলিশ অঞ্জনার লাশ উদ্ধার করে। নবীগঞ্জ থানায় ১৯ আগস্ট হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী সজল কান্তি দেব (৫০), তাঁর দুই স্ত্রী শিউলি দেব (৪২) ও শিউলি সরকার (৩৫) এবং তাঁদের দুই ছেলে অরূপ কান্তি দেব (২২) ও স্বরূপ কান্তি দেবকে (২৫) আসামি করা হয়।
গত সোমবার অঞ্জনার বাড়িতে গিয়ে দেখা যায়, পুরো পরিবারটি শোকে কাতর। পাঁচ সন্তানের মধ্যে অঞ্জনা ছিল তৃতীয়। রাজেন্দ্র বলেন, তাঁর স্ত্রী ছায়া রানী সরকার আড়াই বছর আগে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি সপ্তাহে তিন-চার দিন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আসা-যাওয়া করতেন চিকিৎসার জন্য। এ সময় মায়ের সঙ্গে অঞ্জনাও যেত। এ সুবাদে সজলের সঙ্গে পরিচয় হয় ছায়া রানী ও অঞ্জনার।
২০০৬ সালের দিকে সজল তাঁর স্ত্রী শিউলী দেবকে নিয়ে রাজেন্দ্রর বাড়িতে উপস্থিত হন। সজল দম্পতি বলেন, অঞ্জনা তাঁদের কাছে থাকলে তাঁরা তার দেখভাল করবেন। পড়াশোনা এমনকি বিয়েও দিয়ে দেবেন। এ কথায় বিশ্বাস করে আট বছরের অঞ্জনাকে সজল পরিবারের কাছে তুলে দেন পরিবারটি। কিন্তু তাকে গৃহপরিচারিকা হিসেবে কাজে লাগিয়ে দেয় সজল পরিবার।
এদিকে অঞ্জনার পরিবার জানায়, লাশ উদ্ধারের দিন অপরিচিত দুই তরুণ অঞ্জনাদের বাড়ি যান। তাঁরা বলেন, অঞ্জনা মারাত্মক অসুস্থ। এ খবর পেয়ে সজলের বাসায় যান রাজেন্দ্র। পরে হাসপাতালে গিয়ে অঞ্জনার লাশ দেখতে পান। এক পুলিশ কর্মকর্তা তাঁকে বলেন, ‘আপনার মেয়ে আত্মহত্যা করেছে।’ দেরি না করে ময়নাতদন্ত ছাড়াই তিনি যেন লাশ বাড়িতে নিয়ে যান।
এ সময় মৃত্যুর আলামত দেখতে চাইলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাতে বাধা দেন। পরে জনতার চাপে নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী দুজন নারী পুলিশ সদস্য ও অঞ্জনার দুই চাচিকে লাশ দেখার সুযোগ দেন। পরে তাঁরা বলেন, লাশের শরীর থেকে রক্ত ঝড়ছিল। পাশাপাশি তার ডান হাত ভাঙা ও থেঁতলানো ছিল। লাশের গালে-মুখে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন তাঁরা।
নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য শেখ আবদুল হাকিম বলেন, ‘এ ঘটনার পরপরই আমরা থানায় হত্যা মামলা দায়েরের জন্য যাই। গিয়ে দেখি সজল ওসির কক্ষে বসে আছেন। এ সময় পুলিশ গ্রামবাসীকে তাড়িয়ে দিয়ে সজলকে পেছনের গেট দিয়ে বের করে দেয়। শুধু তাই নয়, ওসি ওই দিন বিকেলে নিহতের বাবাকে থানায় ডেকে নিয়ে একটি সাদা কাগজে স্বাক্ষর নিতে চেষ্টা করেন। উদ্দেশ্য ছিল অপমৃত্যু হিসেবে নিহতের বাবার মামলা গ্রহণ করা।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী অভিযোগ অস্বীকার করে বলেন, দু-এক দিনের মধ্যেই ঘটনার রহস্য বের করতে যাচ্ছে পুলিশ।
এদিকে গতকাল সোমবারও সজলের বাসায় গিয়ে দেখা যায়, দরজায় তালা ঝুলছে। আশপাশের লোকজন জানান, ঘটনার পর থেকে তাঁর পরিবারের কাউকে দেখা যাচ্ছে না।