রংপুরে তারাগঞ্জ উপজেলার ইকরচালী উচ্চবিদ্যালয়ের পাশেই এখনো চলছে ইকরচালী বাজারের মাংস বিক্রেতাদের জবাই করা পশুর রক্ত ও বর্জ্য ফেলা।
সরেজমিনে গত রোববার দেখা যায়, ইকরচালী বাজারের পাশেই বিদ্যালয়টির অবস্থান। বিদ্যালয়ে রয়েছে ৬০৫ জন শিক্ষার্থী ও ২০ শিক্ষক। বিদ্যালয় থেকে মাত্র ৪০ গজ দূরে বাজারের মাংস শেডটি। ওই দিন খোলা জায়গাতেই একের পর এক ১৩টি গরু ও ১১টি ছাগল জবাই করতে দেখা যায় মাংস বিক্রেতাদের। এসব পশুর রক্ত-বর্জ্য গর্তে পুঁতে রাখার নিয়ম থাকলেও তা করা হয়নি।
প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, গত বছর ৫ সেপ্টেম্বর ‘বিদ্যালয়ের পাশে পশু জবাই, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তারপর তারাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মওলা বিদ্যালয়ের পাশে পশু জবাই ও রক্ত-বর্জ্য ফেলা বন্ধ করতে নির্দেশ দেন। কিন্তু দুই মাস ধরে আবারও রক্ত ও বর্জ্য ফেলা চলছে। দুর্গন্ধে ঠিকমতো ক্লাসও নেওয়া যাচ্ছে না।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোবারক হোসেন গতকাল শুক্রবার বলেন, তিনি বর্তমানে ঢাকায় আছেন। এলাকায় ফিরে বিদ্যালয়ের পাশে রক্ত-বর্জ্য ফেলার কারণ বের করে তা বন্ধে ব্যবস্থা নেবেন।