এখনো চেয়ার আঁকড়ে আছেন তিনি
প্রথম স্ত্রীর করা যৌতুকের মামলায় ছয় দিন হাজত খেটেছেন। দ্বিতীয় বিয়ে করে প্রতারণার আশ্রয় নেওয়ায় দ্বিতীয় স্ত্রীর নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় ফেঁসেছেন। অনুমতি ছাড়া কর্মস্থলে না থাকাসহ নানা অনিয়মের অভিযোগে কর্তৃপক্ষ তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু এরপরও স্থানীয় প্রভাবশালীদের প্রভাবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার চেয়ারে বসে দায়িত্ব পালন করে যাচ্ছেন ঘোড়াঘাটের সেই স্বাস্থ্য কর্মকর্তা শামসুর রহমান।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নূর নেওয়াজ বলেন, ডা. শামসুর গত ২৬ জুলাইয়ের পর অনেক দিন আর কর্মক্ষেত্রেই আসেননি। মুঠোফোনেও পাওয়া যায়নি তাঁকে। কিন্তু গত ২১ সেপ্টেম্বর শামসুর রহমান স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে নিয়ে এসে স্বাস্থ্য কমপ্লেক্সে নিজের আগের চেয়ারে বসেন। পরদিন আবার উধাও হন। এরপর গত ২৯ সেপ্টেম্বর আবার স্থানীয় প্রভাবশালীদের নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এরপর থেকে তিনি নিজের পুরোনো দপ্তরে বসে কাজ চালিয়ে যাচ্ছেন।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ইমদাদুল হক বলেন, শামসুর রহমান প্রথম স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় জামিন নিতে গেলে লক্ষ্মীপুর আমলি আদালত-২-এর বিচারক তাঁকে কারাগারে পাঠান। গত ৬ সেপ্টেম্বর লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় থেকে শামসুর রহমানের হাজতবাসের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁর বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর থেকে আর কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তবে শামসুর রহমান আর ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদে নেই বলে নিশ্চিত করে ভারপ্রাপ্ত সিভিল সার্জন বলেন, তিনি সম্পূর্ণ অবৈধভাবে স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার চেয়ার আঁকড়ে আছেন। স্বাস্থ্যসচিব দেশে না থাকায় তাঁর বিরুদ্ধে পারবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে শামসুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
শামসুর রহমান ২০০৬ সালে একটি বিয়ে করেন। সে ঘরে তাঁর পাঁচ বছরের একটি সন্তানও আছে। কিন্তু তিনি স্ত্রী-সন্তানের কোনো খোঁজ তো নিতেনই না, উল্টো চলতি বছর জানুয়ারিতে তিনি ওই স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। তখন প্রথম স্ত্রী তাঁর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। এ মামলায় তিনি ছয় দিন কারাবাসও করেন।
ওই স্বাস্থ্য কর্মকর্তা ঘোড়াঘাটে অপর এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুললে নানামুখী চাপে ওই নারীকে বিয়ে করতে বাধ্য হন। পরদিনই অবশ্য এ বিয়ে অস্বীকার করে ওই নারী ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা করেন। এ অবস্থাদ্বিতীয় স্ত্রী ওই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে অভিযোগ দেন। দ্বিতীয় স্ত্রী গত ১০ জুন দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে শামসুর রহমানের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। এ মামলায় তিনি বর্তমানে জামিনে আছেন। গত ৯ জুলাই প্রথম আলোয় ‘তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা’ শিরোনামে শামসুর রহমানকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়।
দ্বিতীয় স্ত্রী অভিযোগ করেন, জামিন পাওয়ার পর থেকে মামলা তুলে নিতে শামসুর রহমান তাঁকে নানাভাবে হুমকি দিচ্ছেন।