নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের কালিকাপুর এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে আবু তালেব নামের এক ব্যক্তি খুনের পর ১৫ দিন পার হলেও মূল চার আসামিকে পুলিশ গ্রেপ্তার করেনি বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে একজন সরকারি চাকরি চালিয়ে গেলেও পুলিশ বলছে আসামিরা পলাতক। আসামিদের দিয়ে প্রভাবিত হয়েই পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করেছেন নিহত ব্যক্তির স্ত্রী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর আবু তালেবকে (৪৫) তাঁর কালিকাপুরের নিজ বাড়িতে চাচা আসগর আলী (৬০) এবং চাচাতো ভাই (আসগর আলীর তিন ছেলে) নিয়াজ মোর্শেদ (৩২), আনিসুর রহমান (২৬) ও তোজাম্মেল হক (২৪) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে আবু তালেবের ছেলে আনোয়ার হোসেন (২০) মারাত্মক জখম হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত তালেবের স্ত্রী পরদিন ১৫ সেপ্টেম্বর উল্লিখিত চারজনসহ আসগর আলীর স্ত্রী মর্জিনা বেগম (৪৫) ও আনিসুর রহমানের স্ত্রী স্বপ্না বেগমকে (২০) আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই দিনই মর্জিনা ও স্বপ্নাকে গ্রেপ্তার করে নাটোর জেলহাজতে পাঠায়। পারিবারিক বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটে।
নিহত আবু তালেবের স্ত্রী অভিযোগ করেন, মামলার অন্যতম আসামি আসগর আলী পাশের লালপুর উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না।
লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসগর আলী নিয়মিত অফিস করছেন। তিনি আরও বলেন, ‘তাঁকে গ্রেপ্তার করা না-করা পুলিশের বিষয়, আমার না।’
মামলার তদন্তকারী কর্মকর্তা বনপাড়া তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) দয়াল কুমার ব্যানার্জি বলেন, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। এজাহারভুক্ত দুই আসামি বর্তমানে জেলহাজতে আছেন। বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান বলেন, আসগর আলীকে গ্রেপ্তারের জন্য তাঁর কর্মস্থলে পুলিশ পাঠানো হলে কৃষি কার্যালয় থেকে জানানো হয়েছে, তিনি ছুটির দরখাস্ত দিয়ে কর্মস্থলে অনুপস্থিত আছেন। এ ছাড়া অন্য আসামিদের ধরতেও পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।