এখনো মামলা নেয়নি পুলিশ, রাব্বীকে হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের অভিযোগটি গতকাল মঙ্গলবারও মামলা হিসেবে নেয়নি রাজধানীর মোহাম্মদপুর থানার পুলিশ। স্বজনেরা বলেছেন, অসুস্থ হয়ে পড়ায় গতকাল রাব্বীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের কাছে গত শনিবার রাত ১১টার দিকে রাব্বীকে আটক করে উপপরিদর্শক মাসুদের নেতৃত্বে পুলিশের টহল দল। তাঁকে তল্লাশির নামে পুলিশ ভ্যানে তুলে মারধর করে মোটা অঙ্কের টাকা দাবি করেন মাসুদ। একপর্যায়ে রাব্বীকে ‘ক্রসফায়ার’-এর হুমকি দেন তিনি। এসব বিষয় উল্লেখ করে রোববার সকালে মাসুদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বী।
এরপর উপপরিদর্শক মাসুদকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। ঘটনা তদন্ত করে পুলিশের মোহাম্মদপুরের সহকারী কমিশনার (এসি) হাফিজ আল ফারুককে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এসি হাফিজ গতকাল প্রথম আলোকে বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। তদন্ত চলাকালীন কিছু বলা যায় না।’
রাব্বীর বন্ধু ওসমান গণি বলেন, সোমবার রাতে রাব্বীর রক্তচাপ বেড়ে যায়। নির্যাতনের কারণে মাথা, ঘাড়ের যন্ত্রণায় তাঁর ঘুম হচ্ছে না। রাইফেলের আঘাতে ডান হাতের কনুইয়ে রক্ত ঝরেছে। রাইফেলের খোঁচার কারণে বুকের ডান পাশের ব্যথায় নড়াচড়া করতে পারছেন না। লাঠির আঘাতে বাঁ পায়ে রক্ত জমেছে। এ জন্য গতকাল বিকেলে তাঁকে কল্যাণপুরের বাসা থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সন্ধ্যায় তাঁর ইসিজি করানো হয়। তিনি ঢাকা মেডিকেলের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
শাস্তির দাবিতে মানববন্ধন: রাব্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তাঁর ওপর নির্যাতনের প্রতিবাদে এবং নির্যাতনকারী পুলিশ কর্মকর্তার শাস্তির দাবিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।