
দুই পায়ে এখনো প্রচণ্ড ব্যথা। হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে শিশু শাহাদাত হোসেন ওরফে সৌরভ। কখনো শোয়া থেকে উঠে মায়ের বুকে ঠাঁই নিয়ে ব্যথা প্রশমনের চেষ্টা করছে সে। আবার কুঁকড়ে উঠে শুয়ে পড়ছে বিছানায়। তার পায়ের নিচে বালিশ দিয়ে মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন দুশ্চিন্তাগ্রস্ত মা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এভাবেই দিন কাটছে গুলিবিদ্ধ শিশু শাহাদাতের। পায়ে ব্যথার কারণে হাঁটতে পারছে না সে। ব্যথা আরও কয়েক দিন থাকবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এদিকে শাহাদাতকে গুলি করার ঘটনায় করা মামলার আসামি গাইবান্ধার সুন্দরগঞ্জের সাংসদ মন্জুরুল ইসলাম ওরফে লিটনকে গতকাল শুক্রবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাঁকে গ্রেপ্তারের দাবিতে গতকাল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারের নিচে লেখা, ‘প্রচারে সুন্দরগঞ্জ এলাকাবাসী’। অন্যদিকে গতকাল সুন্দরগঞ্জের আওয়ামী লীগের স্থানীয় নেতারা দলীয় এক সভায় সাংসদ মন্জুরুলের সংসদ সদস্যপদ বাতিল করার ও তাঁকে দল থেকে বহিষ্কারের দাবি করেন।
২ অক্টোবর সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জের বাড়ি থেকে হাঁটতে বেরিয়েছিল স্থানীয় স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদাত। তখন সাংসদ মন্জুরুলের ছোড়া গুলিতে শাহাদাত গুলিবিদ্ধ হয় বলে তার পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন অভিযোগ করেন। ওই দিন শাহাদাতকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। শনিবার রাতে শাহাদাতের বাবা সাজু মিয়া সাংসদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।
গতকাল দুপুরে রংপুর মেডিকেলে গিয়ে দেখা যায়, বিছানায় শুয়ে আছে শাহাদাত। চোখ খোলা। তবে মাঝেমধ্যে যন্ত্রণায় বন্ধ হয়ে আসছে চোখ। কিছুক্ষণ পর মায়ের দিকে তাকিয়ে ব্যথার কথা বলছে।
শাহাদাতের মা সেলিনা বেগম প্রথম আলোকে বলেন, যন্ত্রণায় রাতে ঘুমাতে পারে না সে। খেতেও পারছে না। চিকিৎসকেরা তাকে হাঁটানোর চেষ্টা করেছেন। কিন্তু হাঁটতে গেলে আরও ব্যথা হয়।
রংপুর মেডিকেলের শিশু সার্জারি বিভাগের চিকিৎসক বাবুল কুমার সাহা প্রথম আলোকে বলেন, শাহাদাতের বাঁ-পায়ের হাঁটুর নিচে মাংসপেশি ভেদ করে গুলি অন্যদিকে বেরিয়ে গেছে। গুলিতে ডান পায়ের হাঁটুর নিচে ছিলে গেছে। ক্ষত স্থানে অস্ত্রোপচার হয়েছে। এসব কারণে তার পায়ে এখনো ব্যথা আছে। সেরে উঠতে সময় লাগবে।
এদিকে শাহাদাতের চিকিৎসা করতে গিয়ে পরিবারের আর্থিক সংকটের খবর গণমাধ্যমে আসার পর অনেকেই তাদের পাশে দাঁড়িয়েছেন। পাঁচ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা শাহাদাতের পরিবারকে ৪৫ হাজার টাকা দিয়েছেন। হাসপাতালের সমাজসেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ওষুধ দেওয়া হচ্ছে। শাহাদাতের বাবা সাজু মিয়া প্রথম আলোকে বলেন, ‘যেভাবে মানুষজন খোঁজখবর নিচ্ছে, তাতে আমরা সাহস পাচ্ছি।’
এদিকে গতকাল সকাল ১০টার দিকে সুন্দরগঞ্জ পৌরসভা মিলনায়তনে এক সভায় আওয়ামী লীগের স্থানীয় নেতারা মন্জুরুলের সংসদ সদস্যপদ বাতিল করার ও তাঁকে দল থেকে বহিষ্কারের দাবি করেন। নেতারা বলেন, সাংসদের কর্মকাণ্ডের দায়িত্ব দল নেবে না। সুন্দরগঞ্জের পৌর মেয়র আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেন প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘সাংসদকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছি। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’
তবে গত বৃহস্পতিবার মুঠোফোনে সাংসদ মন্জুরুল প্রথম আলোকে বলেছিলেন, তিনি ঢাকায় আছেন। শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি দুর্ঘটনা।
গতকাল তাঁর মুঠোফোন বন্ধ ছিল। সাংসদ ঢাকায় আছেন—এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে ওসি ইসরাইল বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: