এখনো হুমকি দেওয়া হচ্ছে রুনার বাবাকে
সড়কে দলবেঁধে মোটরসাইকেলের মহড়া এখনো থামেনি। এদিকে মোটরসাইকেল আরোহীর বখাটেপনায় প্রাণ হারানো রুনা আক্তারের পরিবারের আতঙ্কও দূর হয়নি। রুনার বাবা মোহাম্মদ সোবহানকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া অব্যাহত আছে।
গত ১৬ অক্টোবর সন্ধ্যায় এজিবি কলোনির হাসপাতাল জোন বি-টাইপ কোয়ার্টারের ফটকের সামনের সড়ক বিভাজকে দাঁড়িয়ে ছিলেন গণপূর্ত বিভাগের হিসাব সহকারী রুনা আক্তার। সঙ্গে ছিলেন তাঁর ছোট বোন তানিয়া আক্তার। রিকশার জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁদের পাশ কাটিয়ে যাওয়ার সময় আরোহী আল আমিনের (১৯) পেছনে বসা আরেক তরুণ রুনার ওড়না ধরে টান দেন। এতে রুনা মোটরসাইকেলের ওপর পড়ে যান। ওই অবস্থায় তাঁকে টেনেহিঁচড়ে সড়ক বিভাজকের ওপর ফেলে দেওয়া হয়। রুনার দুই পায়ের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেন বখাটেরা। তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে এলাকাবাসী ও পুলিশ এসে আল আমিনকে ধরে ফেলেন। তবে আল আমিনের পেছনে বসা ওই তরুণ পালিয়ে যান। এ ঘটনায় রুনার স্বামী লুৎফর রহমান বাদী হয়ে মতিঝিল থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া আল আমিনকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তাঁকে কারাগারে পাঠানো হয়।
রুনার বাবা মোহাম্মদ সোবহানের দাবি, পালিয়ে যাওয়া ওই তরুণ কলোনির আশপাশে এখনো ঘোরাফেরা করছেন।
গতকাল সোমবার এজিবি কলোনি ঘুরে দেখা গেছে, বিকেল থেকে মোটরসাইকেলে তরুণদের আনাগোনা শুরু হয়। এঁদের বেশির ভাগই কলোনির বাসিন্দা নন। নাম প্রকাশে অনিচ্ছুক কলোনির কয়েকজন বাসিন্দা জানান, এখন দলবেঁধে না এসে সন্ধ্যার পর আলাদাভাবে ফটকের সামনের সড়কে আচমকা দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যান তাঁরা।
গতকাল রুনার বাবা প্রথম আলোকে বলেন, ‘আল আমিনের সঙ্গে থাকা পোলাডারে পুলিশ পলাতক বলতাছে। কিন্তু ওই পোলাডা আরও কয়েকজন লইয়্যা গ্রুপ বাইন্ধা কলোনিতে ঘুরে। শুক্রবার মাগরিবের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় কলোনির গেটের সামনে ওই পোলাডা আমারে হুমকি দেয়। পোলাডা আমারে বলতে থাকে, মামলা চালাইয়্যা কিছু হইব না। এক মাইয়্যা তো গেছে। ছোট মাইয়্যাও যাইব।’