
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ রোববার রাতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে পাল্টাপাল্টি গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ছয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। রাত ১০টার দিকে সোহরাওয়ার্দী ছাত্রাবাসে পুলিশ তল্লাশি শুরু করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ক্যাম্পাসের মোড়ে মোড়ে মুখে কাপড় বেঁধে লাঠি ও অস্ত্র নিয়ে অবস্থান নিয়েছেন উভয় পক্ষের নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশতাধিক টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোড়ে। বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ছাত্রাবাসের মোড়ে উভয় পক্ষের মাঝখানে পুলিশ অবস্থান করছে। ঘটনার সূত্রপাত নিয়ে এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশ বলছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছে। তবে কোনো হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঘটনাস্থল থেকে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ শহীদুল্লাহ রাতে প্রথম আলোকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সোহরাওয়ার্দী ছাত্রাবাসের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ-উদ-দৌলাহ।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রাবাসের আসন বরাদ্দ বাতিলের দাবিতে শহীদ মিনার চত্বরে মানববন্ধন করে ছাত্রলীগ। এ সময় ছবি তুলতে যান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শওকত হোসেন। শিবির সন্দেহে তাঁকে মারধর করে পুলিশে সোপর্দ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ছাত্রাবাসের পাশের কাঁঠালতলায় একটি দোকানে নাশতা করছিলেন শিবিরের পাঁচ-ছয়জন কর্মী। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। এ সময় পাশের মাঠে ফুটবল খেলতে থাকা ছাত্রশিবিরের কর্মীরা এগিয়ে এলে সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনা শুরুর কিছুক্ষণের মধ্যে শিবিরের কর্মীরা সোহরাওয়ার্দী ছাত্রাবাস থেকে বের হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া করে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটান। অন্যদিকে পার্শ্ববর্তী শাহজালাল হলের পাশ থেকে ফাঁকা গুলি ছোড়েন ছাত্রলীগের কর্মীরা। প্রায় ১০ মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে ককটেল ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সোহরাওয়ার্দী ছাত্রাবাসের সামনে অবস্থান নিয়ে টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়তে থাকে। এ সময় সোহরাওয়ার্দী ছাত্রাবাসের মোড়ে অবস্থান নেন ছাত্রলীগের কর্মীরা। ছাত্রাবাসের ভেতরে অবস্থান নেন শিবিরের কর্মীরা। থেমে থেমে উভয় পক্ষের মধ্যে গুলি ও ককটেল বিস্ফোরণ চলতে থাকে।
এদিকে সন্ধ্যা নেমে এলে শিবিরের কর্মীরা শহীদ মিনার, আবদুর রব ছাত্রাবাস, কেন্দ্রীয় জামে মসজিদ, নিরাপত্তা দপ্তরের সামনে অবস্থান নেন। ছাত্রলীগের কর্মীরা গোল চত্বর, শাহজালাল, শাহ আমানত ও ক্যাম্পাসের ২ নম্বর ফটক এলাকায় অবস্থান নেন।
রাত আটটায় সোহরাওয়ার্দী ছাত্রাবাসের সামনে গিয়ে দেখা যায়, ছাত্রলীগের নেতা-কর্মীরা হাতে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন। তাঁরা সোহরাওয়ার্দী ছাত্রাবাসে তল্লাশি চালানোর দাবিতে স্লোগান দেন। এ সময় সেখানে গণমাধ্যমের কর্মীরা পৌঁছালে তাঁদের উদ্দেশে ‘গুলি কর, গুলি কর’ বলে চিত্কার করতে থাকেন। পরে পুলিশ সাংবাদিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
এ বিষয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, ‘আমাদের কর্মীরা শাহ আমানত ছাত্রাবাসের মাঠে খেলার সময় ছাত্রশিবিরের কর্মীরা অতর্কিত হামলা চালায়।’
শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রশাসনের মদতে ছাত্রলীগ সোহরাওয়ার্দী ছাত্রাবাসের শিক্ষার্থীদের বের করে দিয়ে দখলের পাঁয়তারা চালাচ্ছে। এমন কর্মকাণ্ড বন্ধ না করলে আমরা বিশ্ববিদ্যালয় অবরোধের ডাক দেব।’
এদিকে তল্লাশি চলাকালে সোহরাওয়ার্দী ছাত্রাবাসের মসজিদ থেকে একটি বস্তায় ১৩টি পেট্রলবোমা ও একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।