এখনো বিস্ফোরকমুক্ত হয়নি আতিয়া মহল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের আতিয়া মহল জঙ্গিমুক্ত হলেও এখনো বিস্ফোরকমুক্ত হয়নি। ফলে পুলিশ এখনো বাড়িটির ভেতরে প্রবেশ করতে পারেনি। ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়করণ দল আজ বৃহস্পতিবার থেকে বোমা-বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ শুরু করবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকনউদ্দিন আহমদ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বাড়িটিকে নিরাপদ ঘোষণা করার পর পুলিশ পরবর্তী কাজে অগ্রসর হবে। সেখানে এখনো দুই জঙ্গির লাশ পড়ে আছে।
এই দুই লাশের একটি নব্য জেএমবির শীর্ষস্থানীয় নেতা মঈনুল ওরফে মুসার বলে ধারণা করছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা। তবে এ বিষয়ে গতকাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি পুলিশ। আতিয়া মহলে নিহত এক নারীসহ অপর তিন জঙ্গির পরিচয়ও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
এর মধ্যে নিহত নারী জঙ্গি চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় নিহত জুবাইরা ইয়াসমিনের বোন মনজিয়ারা পারভিন বলে খবর বেরিয়েছিল। গতকাল বুধবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়ন থেকে মনজিয়ারা পারভিনের বাবা নুরুল ইসলাম ও বড় ভাই জিয়াবুল হক সিলেটে এসে লাশ দেখেন। কিন্তু মুখমণ্ডলসহ শরীর পুড়ে যাওয়ায় এটা মনজিয়ারার লাশ কি না, তা তাঁরা নিশ্চিত হতে পারছেন না বলে পুলিশকে জানিয়েছেন। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল প্রথম আলোকে এ তথ্য জানান।
সেনাবাহিনী গত সোমবার এই নারী এবং এক পুরুষ জঙ্গির লাশ পুলিশের কাছে হস্তান্তর করে। লাশ দুটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
গতকাল বুধবার আতিয়া মহলের কাছাকাছি গিয়ে দেখা গেছে, এখনো পুলিশ পুরো বাড়ি ঘিরে রেখেছে। পাঁচতলা ভবনের অন্তত তিনতলা পর্যন্ত কিছু অংশের দেয়াল ভাঙাচোরা অবস্থায় রয়েছে। নিরাপত্তার কারণে গতকালও আতিয়া মহল ঘেরাও করে রেখেছে পুলিশ। পাশের সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কও জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়নি।
গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় আতিয়া মহল নামের পাঁচতলা এই বাড়ি ঘিরে ফেলে পুলিশ। খবর ছিল নিচতলার একটি ফ্ল্যাটে জঙ্গিরা অবস্থান করছে। শুক্রবার ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট গিয়ে অভিযানে অংশ নেয়। এরপর শনিবার সকাল থেকে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও বিশেষায়িত কমান্ডো দল ‘অপারেশন টোয়াইলাইট’ নামে অভিযান শুরু করে। অভিযানের মধ্যেই শনিবার সন্ধ্যায় দুই দফা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত এবং আরও ৪৪ জন আহত হন। ১১১ ঘণ্টা পর মঙ্গলবার সেনাবাহিনী সফলভাবে অভিযান শেষ করেছে। তার আগে বাড়িটির ২৮টি ফ্ল্যাটে আটকা পড়া ৭৮ জন নারী, পুরুষ ও শিশুকে নিরাপদে বের করে আনেন সেনা কমান্ডোর সদস্যরা।