আশির দশকে কল্যাণপুর ৫ নম্বর সড়কের মাঝামাঝি স্থানে নির্মাণ করা হয় প্রকাণ্ড এক বাড়ি। নাম দেওয়া হয় ‘তাজ মঞ্জিল’। কিন্তু আকার-আকৃতির কারণে লোকে বলে ‘জাহাজবাড়ি’। এই বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে আস্তানা বানিয়েছিল জঙ্গিরা। গত বছরের ২৬ জুলাই এ আস্তানায় পুলিশের অভিযানে নয়জন জঙ্গি নিহত হওয়ার পর বাড়িটির পরিচিতি আরও বেড়েছে। কিন্তু বাড়িটি নিয়ে মানুষের মনে যে ভয়ের সৃষ্টি হয়েছিল, তা এক বছরেও কাটেনি।
হোলি আর্টিজানে জঙ্গি হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেসব জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছিল, সেগুলোর অবস্থা প্রায় একই। সব বাড়িতেই ‘ভাড়া হবে’ বিজ্ঞপ্তি টাঙানো। কিন্তু সাড়া মিলছে কম।

কল্যাণপুরের জাহাজবাড়ির সামনের দোকানে বসে কথা হয় বাড়িটির বর্তমান তত্ত্বাবধায়ক আবুল কালামের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, মামলা-মোকদ্দমার পর পুলিশ বাড়িটির চাবি মালিকপক্ষের কাছে হস্তান্তর করেছে। এরপর মাস তিনেক আগে তিনি এখানে এসেছেন। থাকেন বাড়ির নিচতলার একটি কক্ষে।
বাড়িওয়ালারা ইতিমধ্যে এই বাড়ি ছেড়েছেন। ছয়তলা বাড়িটির প্রতি তলায় চারটি করে ফ্ল্যাট। আবুল কালাম বলেন, নিচতলায় দুটি ও তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া হয়েছে। সেই তলাগুলো নতুন করে রং করা হয়েছে। তবে সিদ্ধান্ত হয়েছে, এই বাড়িতে আর কখনোই অবিবাহিত ব্যক্তিদের (ব্যাচেলর) ভাড়া দেওয়া হবে না।
চতুর্থ থেকে পঞ্চম তলায় উঠলেই লম্বা একটি করিডর। করিডরের ঠিক মাঝামাঝি জ্বলছে একটি বৈদ্যুতিক বাতি। এই করিডরেই পড়ে ছিল সাত জঙ্গির লাশ। ভেতরের কক্ষে ছিল আরও দুজনের মৃতদেহ। নিহত এই নয়জন জঙ্গির মধ্যে আটজন হলেন আবদুল্লাহ, আবু হাকিম নাঈম, তাজ-উল-হক রাশিক, আকিফুজ্জামান খান, রায়হান কবীর ওরফে তারেক, শেহজাদ রউফ অর্ক, মতিউর রহমান ও জোবায়ের হোসেন। পুলিশ বলছে, নিহত ব্যক্তিরা সবাই নব্য জেএমবির সদস্য। একজনের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অভিযানে নিহত জঙ্গিদের রক্তে কালচে হওয়া তাজ মঞ্জিলের করিডরটি এখন বেশ পরিচ্ছন্ন। তবে করিডরজুড়ে এখনো রয়েছে শতাধিক গুলির চিহ্ন। করিডরটির ডানে-বাঁয়ে দুটি ফ্ল্যাট। বাঁ পাশের ফ্ল্যাটটিতে থাকতেন নিহত নয়জন। এই ফ্ল্যাটে মোট সাতটি কক্ষ, দুটি বাথরুম ও দুটি রান্নাঘর। ফ্ল্যাটের একটি কক্ষে দুটি প্লাস্টিকের বস্তা ও একটি ঝাড়ু ছাড়া আর কিছুই নেই। মাঝের একটি কক্ষের ইস্পাতের দরজা পুলিশের অভিযানের সময় ভাঙা হয়েছিল, এখনো ঠিক করা হয়নি।
ক্ষত কাটিয়ে ওঠেনি পাইকপাড়ার বাড়িটি
নারায়ণগঞ্জের পাইকপাড়ার বাড়িটির বাসিন্দারা এখনো সেই ক্ষত কাটিয়ে উঠতে পারেননি। পুরোনো ভাড়াটেদের বেশির ভাগই বাড়ি ছেড়েছেন। বাড়ির দোতলায় ঝুলছে বাড়ি ভাড়ার সাইনবোর্ড।
গত বছরের ২৭ আগস্ট এই বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানে নিহত হন জঙ্গিনেতা তামিম চৌধুরী এবং তাঁর দুই সহযোগী ফজলে রাব্বী ও তাওসিফ হোসেন। অভিযানের পর বাড়ির মালিকের বিরুদ্ধে ভাড়াটেদের তথ্য গোপনের অভিযোগে একটি মামলা করেছিল পুলিশ। সেই মামলায় বাড়ির মালিক নূরউদ্দীন দেওয়ানকে গ্রেপ্তারও করা হয়েছিল। সম্প্রতি তিনি জামিনে ছাড়া পেয়েছেন।
গত বুধবার বাড়িটিতে গিয়ে পাওয়া গেল না এর মালিক নূর উদ্দীন দেওয়ানকে। বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী হামিদা বেগমসহ দুই ছেলে। হামিদা বলেন, তামিম চৌধুরীদের ভাড়া নেওয়া সেই ফ্ল্যাটটি এখনো পুলিশের জিম্মায় রয়েছে।
আশকোনার বাড়িটিতেও পুলিশের তালা
গত বছরের ২৪ ডিসেম্বর রাজধানীর আশকোনার একটি বাড়িতে অভিযানে দুজন নিহত হন। তাঁরা হলেন নারী জঙ্গি শাকিরা ও নিহত জঙ্গি তানভীর কাদেরীর কিশোর ছেলে আফিফ কাদেরী। সেই অভিযানের পর থেকে বাড়িটি এখনো পুলিশের হেফাজতে রয়েছে। এদের মধ্যে শাকিরা বাড়িটির নিচতলার ফাঁকা জায়গায় অনেকটা সবার চোখের সামনে নিজের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হন। সেই বিস্ফোরণে স্প্লিন্টার লেগে ফুটো হয়ে যাওয়া নিচতলার জানালার কাচ এখনো আগের অবস্থাতেই রয়েছে। বাড়িটির পুরোনো ভাড়াটেরা সবাই চলে গেছেন। নতুন ভাড়াটে খুঁজতে বাড়িতে আবার নতুন করে সাইনবোর্ড লাগানো হয়েছে।

ক্ষত ভুলতে চান রূপনগরের বাড়িটির মালিক
মিরপুরের রূপনগরের ৩৩ নম্বর সড়কের একটি বাড়িতে পুলিশ অভিযান চালায় গত বছরের ২ সেপ্টেম্বর। এই বাড়িও ছয়তলা। অভিযানের দুই মাস আগে পরিচয় গোপন করে ওই বাড়ির ষষ্ঠ তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন নব্য জেএমবির প্রশিক্ষক অবসর নেওয়া মেজর জাহিদুল ইসলাম। অভিযানে জাহিদুলের মৃত্যু হয়। অভিযানের পর ফ্ল্যাটটি তালাবন্ধ ছিল। তিন-চার মাস আগে পুলিশ ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেছে।
নাম না প্রকাশের শর্তে এই বাড়ির এক ভাড়াটে বলেন, বাড়িটির প্রতি তলায় দুটি করে ফ্ল্যাট। প্রতি ফ্ল্যাটে দুটি করে কক্ষ এবং একটি করে বসার ঘর। জাহিদের পাশের ফ্ল্যাটে থাকত তিন ছাত্র। অভিযানের পর জাহিদের পাশের ফ্ল্যাটের ছাত্ররাও ফ্ল্যাট ছেড়েছে। এখন নতুন ভাড়াটে উঠেছে।
আজিমপুরের আস্তানা
আজিমপুরের জঙ্গি আস্তানায় অভিযান হয় গত বছরের ১০ সেপ্টেম্বর। পাঁচতলা ওই বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে থাকত জঙ্গিরা। ওই অভিযানে নব্য জেএমবির নেতা তানভীর কাদেরী নিহত হন। এ ছাড়া সেখান থেকে তাঁর স্ত্রী, কিশোর পুত্র এবং আরও দুই জঙ্গির স্ত্রীকে পুলিশ আটক করে।
১৯ জুন ওই বাড়িতে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলায় নতুন ভাড়াটে উঠেছে। ভাড়াটেদের একজন প্রথম আলোকে বলেন, তাঁরা আগে তৃতীয় তলায় ছিলেন। অভিযানের পর পুলিশ দ্বিতীয় তলার ফ্ল্যাটে তালা দিয়েছিল। কয়েক মাস আগে পুলিশ ফ্ল্যাটের চাবি বাড়ির মালিককে দিয়েছে। এরপর গত মে মাসে তাঁরা তৃতীয় তলা থেকে দ্বিতীয় তলায় উঠেছেন। বাড়ির মালিক এই বাড়িতে থাকেন না বলে তিনি জানিয়েছেন।