কক্সবাজারের টেকনাফে পাঁচ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি জামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মামলার প্রধান আসামি নুরুল হক ওরফে ভুট্টোর সহযোগী জামাল।
টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, নাজিরপাড়া এলাকার একটি পানের বরজ থেকে জামালকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করা হয় দুই আসামি এজাহার মিয়া ও আবুল কাশেমকে। এর মধ্যে এজাহার মিয়া মামলার ১ নম্বর আসামি নুরুল হকের বাবা।
গত শুক্রবার বিকেলে কক্সবাজারের টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইয়াবা ব্যবসায়ীদের হামলার শিকার হন বেসরকারি তিনটি টেলিভিশনের পাঁচজন সংবাদকর্মী।
মামলার তদন্ত কর্মকর্তা ও টেকনাফ মডেল থানার এসআই কাঞ্চন কান্তি দাশ বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হয়েছে।