চট্টগ্রাম বন্দরে তেলের চালানে কোকেন শনাক্তের মামলার এজাহারভুক্ত আসামি নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্ট থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৭। বিকেলে তাঁকে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম নুরুল আলম মো. নিপুর আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বছরের ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বলিভিয়া থেকে সূর্যমুখী তেলের এই চালানটি উরুগুয়ের মন্টিভিডিও বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয় গত ১২ মে। চট্টগ্রামের খাতুনগঞ্জের খান জাহান আলী লিমিটেডের নামে চালানটি আনা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুর মোহাম্মদ।
চালানটি ধরা পড়ার পর তিনি দাবি করেছিলেন, কেউ তাঁর প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছে। এই পণ্য আমদানির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই।
নুর মোহাম্মদকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এই মামলার তদন্ত চলছে। এ বিষয়ে তাঁর আর কিছু বলার নেই।
গত বছরের ২৭ জুন ওই তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত করা হয়। প্রতিটি ড্রামে ১৮৫ কেজি করে সূর্যমুখী তেল রয়েছে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত করে। কোকেন জব্দের ঘটনায় চট্টগ্রামের বন্দর থানায় গত ২৭ জুন নুর মোহাম্মদসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তদন্ত শেষে গত বছরের ১৯ নভেম্বর চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ এজাহারভুক্ত আসামি নুর মোহাম্মদকে বাদ দিয়ে লন্ডনপ্রবাসী দুই বাংলাদেশিসহ আটজনকে আসামি করে অভিযোগপত্র দেয়। ৭ ডিসেম্বর আদালত অভিযোগপত্রটি গ্রহণ না করে র্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, বন্দর থানার কোকেন মামলার আসামি নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় র্যাব। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রোববার তাঁকে আবার আদালতে হাজির করা হতে পারে।