গোপালগঞ্জে চাচাতো বোনের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে শাহীন মোল্লা (১৮) নামের এক তরুণের দুই চোখ উপড়ে এবং হাতের কবজি কেটে হত্যার ঘটনায় এজাহারভুক্ত তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার সকালে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এস এম এমরান হোসেন এ তথ্য জানান। গত বৃহস্পতিবার ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে নিহত শাহীনের তিন চচাতো ভাইকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার করা ওই তিনজন হলেন শাহীন মোল্লার চাচাতো ভাই রবিউল মোল্লা (২৭), শরিফুল ইসলাম মোল্লা (২৪) ও মোল্লা আরিফুল (২১)। এর আগে এ মামলার আরেক আসামি শাহীনের চাচি শেফালি বেগমকে (৪৫) ২৪ জুলাই দিবাগত রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কলপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান বলেন, এ অভিযানে ডিবি প্রযুক্তিগত কিছু সহায়তা দিয়েছে। তবে তাঁদের গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, আসামিরা কে, কী করেছে, তা পুলিশের কাছে স্বীকার করেছেন। তাঁদের বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় শাহীনকে হত্যার সিদ্ধান্ত নেন তাঁরা। বড় ভাই রবিউল মোল্লা শাহীনের দুই চোখ উপড়ে ফেলেন। মেজো ভাই শরিফুল ইসলাম মোল্লা ডান হাতের কবজি ও ছোট ভাই আরিফুল মোল্লা বাঁ হাতের কবজি কেটে নেন। আসামিদের গতকাল বিকেলে সদর উপজেলার নির্বাহী হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের চরপাথালিয়া গ্রামে চাচাতো বোনের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে চাচা লায়েক মোল্লা ও তাঁর তিন ছেলে গত ১৮ জুলাই দুই চোখ উপড়ে ও দুই হাতের কবজি কেটে শাহীনকে হত্যা করেন। তাঁর বাবা শওকত আকবর মোল্লাকে কুপিয়ে আহত করা হয়।