এজাহারভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারীবাগে মৌসুমি আক্তারকে আত্মহত্যায় প্ররোচনার মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আজিম শেখকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে রাঙামাটির কাপ্তাই থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, হাজারীবাগ থানার পুলিশের একটি দল কাপ্তাই থেকে আজিম শেখকে গ্রেপ্তার করে। ঘটনার পর তিনি রাঙামাটি পালিয়ে গিয়েছিলেন। তাঁকে থানায় নিয়ে আসা হয়েছে। এ নিয়ে মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হলো। তাঁদের মধ্যে চারজন কারাগারে আছেন। আজিম শেখের গ্রামের বাড়ি যশোরের অভয়নগর উপজেলার নগর গ্রামে।
মৌসুমির বাবা ওমর ফারুক গতকাল প্রথম আলোর সঙ্গে আলাপকালে এজাহারভুক্ত বাকি তিন আসামিকে গ্রেপ্তারের দাবি জানান।
২ মে রাতে বখাটেদের উৎপাত ও অপবাদ সইতে না পেরে হাজারীবাগের ষড়কুঞ্জ এলাকার ভাড়া বাসায় পোশাকশ্রমিক মৌসুমি আক্তার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় তাঁর বাবা ওমর ফারুক আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ওই বাড়ির তত্ত্বাবধায়ক, তাঁর স্ত্রী ও স্থানীয় ছয় বখাটের বিরুদ্ধে মামলা করেন।