এজাহারে আসামি, সংসদ সচিবালয়ের তদন্তে নির্দোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ ভবনের এমপি হোস্টেলে দপ্তর খুলে প্রতারণার মামলার আসামি প্রশাসনিক কর্মকর্তাকে নির্দোষ বলেছে সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি। ওই অভিযোগ তদন্তে করা কমিটির প্রতিবেদনের বক্তব্য এজাহারের বিপরীত। তদন্ত প্রতিবেদনে ওই এমপি হোস্টেলে ভুয়া মেজরের অনুপ্রবেশের দায় চতুর্থ শ্রেণির একজন কর্মচারীর ওপর চাপানো হয়েছে।
ওই ঘটনায় করা তিন সদস্যের তদন্ত কমিটি গতকাল সোমবার প্রতিবেদনটি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে জমা দিয়েছেন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, প্রতিবেদনে অভিযোগ থেকে রেহাই পাওয়া হোস্টেল শাখার প্রশাসনিক কর্মকর্তা হলেন সুজিত কুমার দেব। তবে ওই ঘটনায় শেরেবাংলা নগর থানায় করা মামলায় ছয় আসামির অন্যতম তিনি। ভুয়া মেজর মাহমুদুল হাসান ওরফে মনির হোসেনসহ মামলার চার আসামি বর্তমানে কারাগারে আছেন। তবে চিফ হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে সংসদ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সুজিতকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার না করতে অনুরোধ জানিয়ে পুলিশকে চিঠি দেওয়া হয়। এটি কমিটির তদন্তকে প্রভাবিত করেছে। অন্য আসামি পলাতক।
এ বিষয়ে চিফ হুইপ প্রথম আলোকে বলেন, সংসদ পুলিশের কথায় চলবে না। সংসদের সম্মান আছে। সুজিত নিরপরাধ। তাই তাঁকে গ্রেপ্তার না করার জন্য থানাকে অনুরোধ জানানো হয়েছে।
এমপি হোস্টেলের ৪ নম্বর ভবনের ১০০ নম্বর কক্ষে অফিস খুলে প্রায় এক বছর ধরে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও তদবির করার অভিযোগে গত ১২ আগস্ট রাতে ভুয়া মেজর মাহমুদুল হাসানসহ চারজনকে আটক করে শেরেবাংলা নগর থানার পুলিশ। পুলিশ জানায়, আটক অপর তিনজন হলেন প্রতারক চক্রের সদস্য হাসান মাহমুদ, ভুয়া মেজরের পিয়ন ইউসুফ আলী ও ভবনের কেয়ারটেকার সালাউদ্দিন। তবে ওই সময় ঘটনাস্থলে উপস্থিত হোস্টেল শাখার প্রশাসনিক কর্মকর্তা সুজিত কুমার দেব ও চতুর্থ শ্রেণির কর্মচারী ইদ্রিস আলী দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ ওই ছয়জনকে আসামি করে থানায় মামলা করে।
এজাহারে বলা হয়, ভুয়া মেজর মাহমুদুল প্রশাসনিক কর্মকর্তা সুজিতের সহযোগিতায় প্রায় এক বছর ধরে তদবির-বাণিজ্যসহ নানা প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন। প্রতারক চক্র অবৈধভাবে সংরক্ষিত স্থানে প্রবেশ করে ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত ছিল। তাঁরা চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন।
মামলা হওয়ার পর ওই অভিযোগ তদন্তে সংসদ সচিবালয় যুগ্ম সচিব ওয়াহিদুল ইসলাম খানকে প্রধান করে তিন সদস্যের কমিটি করে। গতকাল এই কমিটির দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১৪ জনকে জিজ্ঞাসাবাদ করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। কিন্তু বিষয়টি নিয়ে মামলা থাকায় অভিযোগসম্পর্কিত আলামত বিশ্লেষণ করা সম্ভব হয়নি। ভুয়া মেজরকে বিভিন্ন সময়ে হোস্টেলের কেয়ারটেকার সালাউদ্দিনের সঙ্গে দেখা গেছে। ১০০ নম্বর কক্ষটি নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হকের নামে বরাদ্দ করা। সাংসদের চাহিদার পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই ওই কক্ষের দুটি চাবির একটি তাঁর ব্যক্তিগত সহকারী (পিএ) আবদুল গাফফারকে দেওয়া হয়। অপর চাবিটি কেয়ারটেকারের কাছে ছিল। সুতরাং ভুয়া মেজরের অনুপ্রবেশের ক্ষেত্রে কেয়ারটেকারের উদাসীনতা ছিল।
অবশ্য সাংসদ কবিরুল হক প্রথম আলোকে কয়েক দিন আগে বলেছেন, তিনি কক্ষটি বুঝে নেননি।
সংসদ সচিবালয় সূত্র জানায়, গত ১৮ আগস্ট চিফ হুইপের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী শেরেবাংলা নগর থানায় চিঠি দিয়ে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুজিতকে গ্রেপ্তার না করার অনুরোধ জানানো হয়। থানা সংসদ সচিবালয়ের চিঠিটি গ্রহণ না করে সংসদের নিরাপত্তা বিভাগের কাছে ফেরত পাঠায় এবং মৌখিকভাবে জানায়, আইনিভাবে মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে প্রতিবেদনের সঙ্গে এই চিঠি আদালতে জমা দেবেন। তখন চিঠির বৈধতার বিষয়ে সংসদ সচিবালয়কে আদালতের প্রশ্নের মুখোমুখি হতে হবে। থানার ফেরত পাঠানো চিঠির বিষয়ে সংসদের নিরাপত্তা শাখা স্পিকারের মতামত চাইলে তিনি চিঠিটি থানায় পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চাইলে স্পিকার প্রথম আলোকে বলেন, সংসদ কমিটি যেহেতু বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে, তাই এ বিষয়ে তাঁরাই ভালো বলতে পারবেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন বলেন, ‘আমি চিঠির বিষয়ে কিছু জানি না।’
সংসদ কমিটির ওই সিদ্ধান্ত সম্পর্কে কমিটির সদস্য নূর-ই-আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, কমিটির সভায় এ ধরনের সর্বসম্মত কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ, কাউকে গ্রেপ্তার করা বা না করার বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব সংসদ কমিটির নয়। কার্যপ্রণালিবিধির ২৪৯ ধারা অনুযায়ী, সংসদ কমিটির কাজ হবে সাংসদদের আবাসিক ব্যবস্থার বন্দোবস্ত করা এবং সদস্যদের খাদ্য, চিকিৎসা ও সুযোগ-সুবিধার তত্ত্বাবধান করা।
শেরেবাংলা নগর থানা সূত্র জানায়, সংসদ সচিবালয়ের চিঠির পর তাঁরা সুজিত কুমার দেব ছাড়া অন্য পাঁচ আসামির বিরুদ্ধে তদন্ত করছেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় সুজিত কুমারকে গ্রেপ্তার করা হয়নি।