এজিবি কলোনি সড়কে আবারও বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিঝিল এজিবি কলোনির সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবার বসেছে দোকান। আছে ভাসমান দোকানও l ছবি: প্রথম আলো
মতিঝিল এজিবি কলোনির সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবার বসেছে দোকান। আছে ভাসমান দোকানও l ছবি: প্রথম আলো

রাজধানীর মতিঝিলে এজিবি কলোনি কাঁচাবাজারে সড়কের জায়গায় ব্যবসা আবার জমে উঠেছে। কয়েক দফায় দোকানঘর ভেঙে দেওয়ার কারণে বর্তমানে সেখানে পাকা স্থাপনা করা হয়নি। তবে মোটা বাঁশের খুঁটির ওপর ত্রিপল বা ভারী পলিথিনের ছাউনি দিয়ে ঘর তৈরি করা হয়েছে। আগের মতোই কাঁচা শাকসবজিসহ হরেক রকম সামগ্রী বিক্রি চলছে। আর ব্যবসা করার জন্য দোকানিদের চাঁদাও দিতে হচ্ছে।
গতকাল সোমবার দুপুরে এজিবি কলোনি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। অথচ গত তিন মাসে এই কাঁচাবাজারের দোকানঘর পাঁচ দফায় উচ্ছেদ করা হয়েছে।
সড়কের পূর্ব প্রান্তে উত্তর দিকে তিনটি ঘরে ভাঙারির দোকান বসেছে। বিপরীত দিকে আছে ভাতের হোটেল। মুদি দোকান সাজানো হয়েছে অন্তত ছয়টি। সেসব দোকানে চাল, ডাল, তেল, পেঁয়াজ, টিনজাত গুঁড়া দুধ থেকে শুরু করে সব ধরনের পণ্যই পাওয়া যাচ্ছে। ফার্মের মুরগিসহ মুরগির দোকান বসেছে অন্তত ১৬টি। রীতিমতো ব্যানার টানিয়ে আম বিক্রি হচ্ছে। আর এসব দোকানের সামনে রাস্তার ওপর সাজানো হয়েছে তরিতরকারির পসরা। সিটি করপোরেশনের ম্যাপে কলোনির সড়কটি চওড়ায় ৭৮ ফুট। গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে সেখানে যখন ১৩৪টি টিনশেড পাকা দোকানঘর তৈরি হয়েছিল, তখন সড়কের প্রস্থ প্রায় অর্ধেকে নেমে আসে। বর্তমানে দোকান এবং সামনে তরিতরকারির পসরা সাজিয়ে বসায় সড়কটি আরও সংকুচিত হয়ে গেছে।
গতকাল মুরগির দোকানগুলোতে ক্রেতা টানার প্রতিযোগিতা দেখা গেল। তবে দাম চড়া। পাকিস্তানি কক মুরগি প্রতিটি আড়াই শ টাকার নিচে কোনো বিক্রেতা বিক্রি করতে রাজি হলেন না। একজন ক্রেতাকে বলতে শোনা যায়, ‘স্থায়ী দোকান তো ভেঙে দেওয়া হয়েছে। এখন ব্যবসা করতে ভাড়া দিতে হচ্ছে না। তাহলে দাম বেশি চাওয়া হচ্ছে কেন?’
তিনজন মুরগিওয়ালা প্রায় একসঙ্গে এর যে জবাব দিলেন তার অর্থ হচ্ছে, একে তো রমজান মাসে ঢাকার বাইরে থেকে মুরগি কেনার খরচ বেশি, তার ওপর এখন দোকান ভাড়ার চেয়েও বেশি টাকা দিতে হচ্ছে প্রতিদিনের চাঁদা বাবদ। একজন সবজি বিক্রেতা সরাসরিই বললেন, পেটের দায়ে এখানে বসে তরকারি বিক্রি করেন, যা লাভ হয়, তার থেকে একটা বড় অংশ চাঁদায় চলে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, এখানে আগে যাঁরা শক্ত পাকা দোকানঘর তৈরির সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদেরই লোকজন আছেন চাঁদা আদায়ে। প্রতি দোকান থেকে প্রতিদিন কমপক্ষে ২০০ টাকা এবং সড়কে বসা সবজির দোকান থেকে কমপক্ষে ১০০ টাকা চাঁদা নেওয়া হচ্ছে।
চলতি বছরের ১৪ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এজিবি কলোনি কাঁচাবাজারের অবৈধ দোকানপাট উচ্ছেদ করে। এর তিন দিনের মাথায় সেখানে অসচ্ছল দুস্থ মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির নামে কলোনির সড়কের অংশ দখল করে ১৩৪টি স্থায়ী স্থাপনার নির্মাণকাজ শুরু হয়। এ বিষয়ে প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর স্থানীয় একজন নাগরিক এই দখলের বিরুদ্ধে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট দোকানগুলোর নির্মাণকাজ বন্ধ ও উচ্ছেদের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে নির্দেশ দেন। পরে সিটি করপোরেশন আরও চার দফায় অভিযান চালিয়ে সব দোকান উচ্ছেদ করে।
সড়কের জায়গায় নতুন করে কাঁচাবাজার গড়ে তোলার বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির সম্পত্তি বিভাগের কর্মকর্তা শামসুল আলম বলেন, যতবারই গড়ে উঠুক, অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে।