এজিবি কলোনির অবৈধ সব দোকান ভেঙে দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এজিবি কলোনির অবৈধ দোকানপাট ভেঙে দেওয়ার পর তা গতকাল রাতে সরিয়ে নেন ব্যবসায়ীরা l প্রথম আলো
এজিবি কলোনির অবৈধ দোকানপাট ভেঙে দেওয়ার পর তা গতকাল রাতে সরিয়ে নেন ব্যবসায়ীরা l প্রথম আলো

মতিঝিল এজিবি কলোনিতে সড়ক দখল করে গড়ে তোলা ১১৪টি অবৈধ দোকানের সব কটি গতকাল সোমবার ভেঙে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার থেকে ভাঙা শুরু হয়েছিল। সেদিন প্রথম দফায় ২০টি দোকান ভাঙা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গতকাল কলোনি বাজারে দ্বিতীয় দফা এই উচ্ছেদ অভিযান চালায়। এ সময় কয়েকজন ক্ষতিগ্রস্ত দোকানি দোকানঘর কেনা বাবদ তাঁদের দেওয়া টাকা ফেরত পাবেন কি না, সেই আশঙ্কায় কান্নাকাটি করেন।
গতকাল উচ্ছেদের সময় দোকান নির্মাণকারীরা ডিএসসিসির অভিযানকারী দলকে দোকান না ভাঙার অনুরোধ জানালে দায়িত্বরত ব্যক্তিরা হাইকোর্টের রায়ের বিষয়টি জানান।
গত ২০ মার্চ প্রথম আলোতে এজিবি কলোনির অবৈধ দোকান নির্মাণ বিষয়ে সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এর পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। ১৩ এপ্রিল দোকান নির্মাণে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। কিন্তু তড়িঘড়ি করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এসব দোকানের কাজ শেষ করেন। ৩ মে হাইকোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ২৪ ঘণ্টার মধ্যে এজিবি কলোনির দোকানগুলো উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়।
গতকাল বেলা পৌনে একটার দিকে পুলিশ ও র্যা বের সহায়তায় অভিযান শুরু হয়। এর আগেই কিছু দোকানে রাখা কাঠের আসবাব এবং অন্য মালামাল সরিয়ে নেওয়া হয়। উচ্ছেদের সময় কয়েকজন দোকানি কান্নাকাটি করেন। তাঁদের বক্তব্য হচ্ছে, এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে তাঁরা মোটা অঙ্কের টাকায় দোকান বরাদ্দ নিয়েছেন। এমনকি প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি হলেও দোকানের নির্মাণকাজ চালিয়ে যেতে বলেছিলেন ওই ব্যক্তিরা। এখন ওই টাকা ফেরত পাবেন কি না, এ নিয়ে তাঁরা শঙ্কিত। কারণ, গতকাল অভিযানের সময় ওই ব্যক্তিরা ঘটনাস্থলে আসেননি।
গত ১৬ মার্চ এজিবি কলোনিতে দোকান নির্মাণকাজ শুরুর পর থেকে কিছু দোকান বিক্রি ও ভাড়া দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। একেকটি দোকান বিক্রি হয় ছয় থেকে আট লাখ টাকায়। প্রাথমিকভাবে ১ লাখ ১০ হাজার টাকা ‘টোকেন মানি’ হিসেবে নেওয়া হয়। কিছু দোকান মাসে সাড়ে পাঁচ হাজার টাকা এবং কিছু দোকান দৈনিক ২০০ টাকা করে ভাড়া দেওয়া হয়েছে। এর মধ্যে ১০টি মুরগির দোকান চালু হয়।
গতকাল দুপুরে অভিযান শেষ হলে ভাঙা দোকানগুলোর সামনে তরিতরকারি, কলা ও মুরগি নিয়ে বসেন কয়েকজন দোকানি।