এটি হত্যা না আত্মহত্যা?
বরিশাল নগরে মো. সুমন সিকদার (৩৫) নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। একটি আবাসিক হোটেলের বাইরে রাস্তা থেকে রোববার রাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
পুলিশের ধারণা, এটি হত্যাকাণ্ড। এ ঘটনায় সুমনের বন্ধু মো. শওকত হোসেনকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি বরিশাল নগরের বগুড়া রোডে। আর সুমনের বাড়ি কাশীপুরের ফিশারি রোডে। তাঁরা সম্পর্কে বন্ধু।
নগরের অভিজাত হোটেল এরিনার ইনচার্জ মো. মাহমুদ জানান, রোববার দুপুরে ইমরান হোসেন (পিতা আফতাব হোসেন, নথুল্লাবাদ) নামের এক ব্যক্তি ৫০৭ নম্বর ডিলাক্স কক্ষে ওঠেন। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু শওকত। পরে দিনে ও রাতে তাঁদের আরও অনেক বন্ধু ওই কক্ষে যাওয়া-আসা করেন। তাঁরা তাস খেলেন ও মদ পান করেন।
হোটেল ইনচার্জ মাহমুদের বর্ণনা অনুযায়ী, রাত আড়াইটার দিকে কাচ ভেঙে বিকট শব্দে নিচে কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে তাঁরা হোটেলের পাশে রাস্তায় গিয়ে দেখেন, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন। পরে পুলিশের সহায়তায় তাঁকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত চারটার দিকে তাঁর মৃত্যু হয়।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ধনঞ্জয় দে জানান, সুমনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ক্ষত হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ রাতেই হোটেলের ওই কক্ষে তল্লাশি চালিয়ে একটি মদের বোতল, তাস ও নগদ কিছু টাকা উদ্ধার করে। আটক করে শওকতকে।
পুলিশ সূত্র জানায়, পুলিশ হেফাজতে শওকত বলেছেন, হোটেল কক্ষে তাঁরা দুজন ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ জেগে দেখেন, তাঁর বন্ধু সুমন ভয়ে অস্বাভাবিক আচরণ করছেন। একপর্যায়ে তিনি হোটেল কক্ষের কাচ ভেঙে নিচে লাফিয়ে পড়েন।
তবে সুমনের বড় ভাই মো. নাঈম সিকদার বলেন, সুমনের জীবনাচরণের সঙ্গে এই ঘটনার তাঁরা কোনো মিল খুঁজে পাচ্ছেন না। তাঁরা কিছুই বুঝে উঠতে পারছেন না।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, এটা আত্মহত্যা নয়। হোটেলকক্ষে অন্য একজন ছিলেন। তাঁকে আটক করা হয়েছে। তাঁদের ধারণা, সুমনকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।