এটিএম কার্ড জালিয়াতি কমছে না, আরও ১১ জন গ্রেপ্তার
এটিএম কার্ড জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে র্যা ব। তাঁদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একজন কর্মচারী ও চারজন ব্যবসায়ী আছেন। বাকি ছয়জন কার্ড জালিয়াতি চক্রের সদস্য বলে র্যা ব জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহ আজিজ সোহেল (৩৬), তাঁর সহযোগী জালাল হোসেন ওরফে সুমন (২৭), মো. রানা (২৪), মো. ওয়াহেদ (২০), কামরুজ্জামান ওরফে সুমন (৩০), মো. পারভেজ (২৩), ডিএনসিসিসির ট্রেড লাইসেন্স শাখার কর্মচারী নূরে আলম (৪৫), ব্যবসায়ী জহিরুল ইসলাম (৩৭), লুৎফর রহমান ওরফে সুজন (৪২), আবদুল আলী (৪০) ও জাহাঙ্গীর হোসেন (৪৫)। তাঁদের কাছ থেকে এটিএম কার্ড তৈরির সরঞ্জাম, বিশেষ ধরনের প্রিন্টার, বিভিন্ন ব্যাংকের ৮০০ এটিএম কার্ড, ১০০টি খালি এটিএম কার্ড ও কার্ড পাঞ্চ করার ৬টি যন্ত্র উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে কারওয়ান বাজারে র্যা বের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ১০ মার্চ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের এক নারী কর্মী র্যা ব-১০-এর কাছে লিখিত অভিযোগে জানান, একটি দেশি-বিদেশি চক্র ডেবিট কার্ড জালিয়াতি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এই তথ্যের ভিত্তিতে র্যা বের গোয়েন্দা সদস্যরা তদন্ত শুরু করেন। পরে র্যা ব-১০-এর একটি দল গত মঙ্গলবার বাড্ডা ও পান্থপথ থেকে ১১ জনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও খালি এটিএম কার্ড উদ্ধার করা হয়। খালি কার্ডগুলো ক্রেডিট কার্ডে রূপান্তরিত করে এতে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডের ক্লোন করা নম্বরগুলো সংযোজন করা হতো।
র্যা বের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, আটক শাহ আজিজ সোহেল দুবাইয়ে থাকতেন। সেখানে থাকার সময় যুক্তরাষ্ট্রের নাগরিক এরিন লিমোর সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁর কাছ থেকে আজিজ শেখেন কীভাবে কার্ড ক্লোন করে টাকা উত্তোলন করতে হয়। দেশে এসে টাকা তোলার পর একটি অংশ যুক্তরাষ্ট্রে এরিনের কাছ পাঠিয়ে দিতেন আজিজ। এই কাজে সহায়তার জন্য রানা ও জালাল হোসেন ওরফে সুমনকে নিয়োগ করেন।
কমান্ডার মুফতি মাহমুদ বলেন, এই চক্র প্রবাসীদের কার্ড জালিয়াতি করত। কারণ তাঁরা দীর্ঘদিন লেনদেন করেন না। বাংলাদেশের গ্রাহকদের কার্ড জালিয়াতি করা তাঁদের কাছে নিরাপদ ছিল না। কারণ এসব কার্ড জালিয়াতি করতে গেলে স্বয়ংক্রিয়ভাবে মুঠোফোনে খুদে বার্তা পৌঁছে যেত। আজিজ ও তাঁর সহযোগীরা তাঁদের চুক্তিবদ্ধ দোকান বা শপিং মলের মাধ্যমে জালিয়াতি করে টাকা তুলতেন। এতে দোকানি পণ্য না বিক্রি করে ২০ শতাংশ লাভ পেতেন এবং আজিজ পেতেন ৮০ শতাংশ। এ কারণে তাঁরা এটিএম বুথে টাকা না তুলে সোয়াপ যন্ত্র ব্যবহার করতেন। চুক্তিবদ্ধ ব্যবসায়ীরা তাঁদের কাছে থাকা সোয়াপ যন্ত্র জালিয়াতি চক্রের সদস্যদের দিয়ে দিতেন। তাঁরা বাসায় নিয়ে কার্ড জালিয়াতি করে টাকা তুলতেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুফতি মাহমুদ বলেন, কার্ড জালিয়াতিতে এখন পর্যন্ত ব্যাংকের কারোর যোগসাজশ থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে র্যা ব-১০-এর পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, এঁদের বিরুদ্ধে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি আইনে মামলা হয়েছে।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে কয়েকটি ব্যাংকের এটিএম বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরির পর টাকা লোপাটের ঘটনা জানাজানি হলে আলোড়ন সৃষ্টি হয়। পরে এটিএম বুথের সিসি ক্যামেরার (ক্লোজড সার্কিট) ছবি দেখে জার্মানির নাগরিক পিওতর সিজোফোন মুজারেক এবং তিন ব্যাংক কর্মকর্তাসহ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বছরের মে মাসে ঢাকার এলিফ্যান্ট রোডে আরেকটি ব্যাংকের বুথ থেকে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ।