এটিএম কার্ড জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার
রাজধানীর ভাষানটেক থানার নেভি কলোনি গেটের একটি ব্যাংকের এটিএম বুথ থেকে গত বুধবার আতিকুর রহমান (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানিয়েছে, আতিকুর কার্ড জালিয়াতি করে ট্রাস্ট ব্যাংকের এটিএম বুথ থেকে ৫ লাখ ১০ হাজার টাকা তুলেছিলেন। তাঁর কাছে ৬৭টি এটিএম কার্ডও পাওয়া যায়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুরে র্যাব-৪-এর একটি দল নেভি কলোনির গেটের পাশে ট্রাস্ট ব্যাংকের এটিএম বুথে অভিযান চালিয়ে কার্ড জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আতিকুরকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি নেত্রকোনার কলমাকান্দা থানার শিবনগরে।
র্যাব কর্মকর্তারা বলেন, গোপন খবরের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আতিকুর গ্রাহকের তথ্য চুরি করে নকল (ক্লোন) কার্ড বানিয়ে টাকা তুলেছেন। ধারণা করা হচ্ছে, তাঁর কাছ থেকে উদ্ধার করা কার্ডগুলো নকল এটিএম কার্ড। আতিকুরের বিরুদ্ধে তথ্যযোগাযোগ ও প্রযুক্তি আইনে ভাষানটেক থানায় মামলা করা হয়েছে।
এর আগে ১৮ মে এলিফ্যান্ট রোডে প্রাইম ব্যাংকের এটিএম বুথে কার্ড জালিয়াতি করে ৬৬ হাজার টাকা তোলার পর চীনা নাগরিক জি জুয়াইনহু ধরা পড়েন।